স্থানীয় সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা
প্রকাশ : ০৩ মে ২০১৩, ২১:০৮
রাষ্ট্রবিজ্ঞানী পি. ক্রপটকম’র একটি বিখ্যাত উক্তি ‘আমরা এমন কোনো মানব জাতি কিংবা গোষ্ঠীর কথা জানি না, যারা গ্রামীণ সমাজে বসবাস করেনি।’ বাংলাদেশ গ্রাম প্রধান ‘উন্নয়নশীল’ একটি দেশ। এদেশকে উন্নত দেশে রূপান্তর করার পূর্বশর্ত হচ্ছে গ্রামীণ সমাজকে উন্নত করে তোলা।
অথচ বাংলাদেশে সবচেয়ে অবহেলিত অঞ্চলের নাম ‘গ্রাম’। গ্রামীণ জনপদের উন্নয়ন নিয়ে সরকারের যেমন সুষ্ঠু পরিকল্পনা নেই, তেমনি স্থানীয় জনপ্রতিনিধিরা তেমন একটা ভাবেন বলে মনে হয় না। কেন্দ্রীয় সরকার সিটির আওতাভুক্ত একটি রাস্তার জন্য যে বরাদ্দ দেন, গ্রামে তার কতভাগ আসে সকলেরই তা অনুমেয়। তবে কেন্দ্রীয় সরকারের স্থানীয় সরকারকে অবহেলা করাটাই স্বাভাবিক। কেননা স্থানীয় সরকার একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বিশ্বের অনেক উন্নত দেশে, স্থানীয় সরকার কেন্দ্রীয় সরকারকে টাকা দেয়। আর বাংলাদেশে তার ঠিক উলটো। সুতরাং এখানে বৈষম্য থাকাটাই স্বাভাবিক। এজন্য স্থানীয় সরকারকে শক্তিশালী করার এখনই মোক্ষম সময়।
এখন আমাদের ভাবতে হবে স্থানীয় সরকারকে শক্তিশালী করার মাধ্যম কী কী? অনেকগুলো মাধ্যমের মধ্যে ‘তৃণমূলের সংবাদকর্মী’রা অন্যতম। গ্রামীণ সমাজের উন্নয়নে যে ক’জন মানুষ অব্যাহতভাবে কাজ করে যান, এসব সংবাদকর্মীদের অবস্থান শীর্ষে। এ কথা সর্বজন স্বীকৃত যে, প্রত্যন্ত অঞ্চলের সংবাদ যে কোনো সংবাদ মাধ্যমের প্রাণ। প্রিন্ট মিডিয়া তো এসব নিউজ দিয়েই জনপ্রিয়তার শিখরে পৌঁছে। তৃণমূলে কী ঘটেছেও কী ঘটছে তার খবর পাঠককে জানাতে ব্যর্থ হলে সংবাদ মাধ্যম যেটিই হোক, তার গ্রহণযোগ্যতা ধীরে ধীরে কমতে থাকে।
তৃণমূল পর্যায়ে খুব কম লোকই সাংবাদিকতা পেশায় আসছেন। এতে তৃণমূলে পেশাদার সাংবাদিকতা গড়ে উঠছে না। তাছাড়া তৃণমূলে যারা কাজ করেন স্থানীয়ভাবে তারা খুব পরিচিত থাকেন। পত্রিকার স্বার্থেই তারা যখন একটি অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেন সঙ্গে সঙ্গে নানা নির্যাতনের খড়গ পড়ে তাঁদের ওপর। মানসিক তো বটেই শারীরিকভাবেও তাদের লাঞ্ছিত হতে হয়। অবশ্য এজন্য কিছুটা হলেও সাংবাদিকরা দায়ী। তাদের একতা দিনদিন হ্রাস পাওয়া আর সাংবাদিকতার এথিক্স না মানা অন্যতম কারণ। আর রাজনৈতিক মনোভাব প্রধান কারণ হিসেবেই এখানে কাজ করে।
এজন্য সারাদেশের প্রান্তিক পর্যায়ে কর্মরত প্রকৃত গণমাধ্যমকর্মীদের রাজনৈতিক লেজুড় পরিহার করে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে একতাবদ্ধ হতে হবে। কর্মক্ষেত্রে একজন গণমাধ্যমকর্মীর স্বাধীনতা ও নিরাপত্তা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতাও অধরা থেকে যাবে; নির্যাতন সয়েই যেতে হবে।
সিলেট