ঝুঁকিপূর্ণ প্রতিটি ভবন ভেঙে ফেলা উচিত

সাভারের ভবন ধস লাখ মানুষের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। পত্রিকান্তরে বলা হয়েছে, রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা ৭৮ হাজার। এর মধ্যে মারাত্মক ঝুঁকিতে রয়েছে সাড়ে ছয় হাজার ভবন। যে কোনো সময় অতিরিক্ত লোড, মাটির দুর্বল বন্ধন কিংবা ভূমিকম্পের কারণে এসব ভবন ধসে পড়তে পারে। বিশেষত বড় মাপের কোনো ভূমিকম্প হলে রাজধানী হয়ে উঠতে পারে মৃত্যু উপত্যকা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে— সাভার, আশুলিয়া, গাজীপুর, মিরপুর ও নারায়ণগঞ্জে মারাত্মক ঝুঁকিতে রয়েছে ২৪৩টি পোশাক কারখানা। যে কোনো মুহূর্তে এ কারখানাগুলো ধসে পড়তে পারে। কমপ্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের (সিডিএমপি) গবেষণা প্রতিবেদন অনুযায়ী, ঢাকার প্রায় ৭৮ হাজার ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে মারাত্মক ঝুঁকিতে রয়েছে সাড়ে ছয় হাজার ভবন। এছাড়া পরিত্যক্ত ও নানা ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে প্রায় পাঁচ হাজার সরকারি বাসভবন ও কার্যালয়। ঢাকা শহরের মাত্র ৩৫ ভাগ স্থাপনা শক্ত মাটিতে তৈরি। বাকি ৬৫ ভাগ স্থাপনা জলাশয় ভরাট করে নরম মাটিতে তৈরি। অধিকাংশ ভবন বিল্ডিং কোড মেনে তৈরি না হওয়ায় অতিরিক্ত লোডে ধসে পড়ার আশঙ্কা রয়েছে। রাজধানীতে সাত মাত্রায় ভূমিকম্প হলে এক-তৃতীয়াংশ অথবা প্রায় ৭৮ হাজার ভবন মুহূর্তেই ধসে পড়তে পারে। ঢাকায় যেসব বহুতল ভবন নির্মিত হচ্ছে তারবেশির ভাগই যেনতেনভাবে করা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নয় হাজার অবৈধ ভবনের তালিকা তৈরি করেছে। এর মধ্যে তিন হাজার ভবন নির্মাণাধীন। ২০০৪ সালের বিল্ডিং কোড অনুসরণ করে নির্মিত না হওয়ায় এ ভবনগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবেই মূল্যায়ন করা হচ্ছে। গার্মেন্ট কারখানাগুলোর এক-তৃতীয়াংশই ঝুঁকিপূণ—এ তথ্যাটি শুধু উদ্বেগজনক নয়, আতঙ্কেরও। কারণ সাভারের রানা প্লাজার মতো মর্মান্তিক দুর্ঘটনা যে কোনো সময় ঘটার আশঙ্কা মাথায় নিয়েই কারখানাগুলো চালানো হচ্ছে। মারাত্মক ঝুঁকিপূর্ণ শতাধিক কারখানার বিরুদ্ধে শ্রম আদালতে মামলা হলেও প্রতিকারের ব্যবস্থা হয়নি। সাভারে বাণিজ্যিক ভবন রানা প্লাজা ধসে ভাগ্যহত কয়েক’শ পরিবারের জীবনে যে মর্মান্তিক ট্র্যাজেডি নেমে এসেছে, তা সবটুকু ভাষায় ব্যক্ত করাও সম্ভব নয়। এ কেবল উপলব্ধির ব্যাপার। এ ঘটনায় আমরা বাকরুদ্ধ, মর্মাহত। চার শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন প্রায় তিন সহস্রাধিক। হতাহতদের উদ্ধারে সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনসাধারণ ঝাঁপিয়ে পড়েছেন। তাঁরা যেন বুকের ভেতর স্বজন-হারানোর বেদনাই অনুভব করেছেন। স্থানীয় জনসাধারণ চাপাপড়া ভবনে আটকে যাওয়া মানুষকে উদ্ধারে পানি, টর্চলাইট, অক্সিজেন সরবরাহসহ সর্বাত্মক সহযোগী ভূমিকা পালন করেছেন সমপূর্ণ নিঃস্বার্থভাবে। তাদের দিনব্যাপী এই স্বেচ্ছাশ্রম আর জীবনের ঝুঁকি নিয়ে ধসেপড়া ভবনে ওঠা এবং হতাহতদের উদ্ধারের দৃশ্য দেখে মনে পড়েছে ভূপেন হাজারিকার সেই গান—মানুষ মানুষের জন্য/জীবন জীবনের জন্য।’ মানুষ এখনও দুর্গত মানুষের জন্য নিজের জীবনের ঝুঁকি নিতেও অকুণ্ঠ। অথচ আবার সেই সমাজেই কিছু স্বার্থান্ধ মানুষসৃষ্ট দুর্যোগে শত শত মানুষ হতাহত হয়। বহু পরিবারে নেমে আসে বিপর্যয়, নেমে আসে কান্নার হাহাকার, যা ঘটে গেলো সাভারে রানা প্লাজা ধসে। এ ভবনে বেশ কয়েকটি গার্মেন্ট, ব্যাংক ও নানা রকম ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। অথচ ভবনটি এমন নিম্নমানের রড-সিমেন্ট দিয়ে নির্মাণ করা হয়েছে, যা কোনো বিবেকবান মানুষ করতে পারেন না। ভবনটি নির্মাণে নুিমানের প্রসঙ্গে স্থপতিদের ভাষ্যমতে, এত সরু রড এবং এত নিম্নমানের সিমেন্ট ও কংক্রিট একটি আটতলা উঁচু ভবনের জন্য ব্যবহূত হতে পারে না। সবচেয়ে স্বার্থান্ধ আর নৃশংসতার পরিচয় দিয়েছেন ভবনটির মালিক এবং কোনো কোনো গার্মেন্ট কারখানার মালিক, যাঁরা একদিন আগেই ভয়াবহ ফাটল ধরার পরও ভবনটি খালি করে দেননি; বরং গার্মেন্ট শ্রমিকদের আশ্বাস দিয়েছেন, ‘এই ফাটলে কিছুই হবে না।’ শ্রমিকরা অভিযোগ করেছেন, তাদের জোর করে কাজের জন্য ভবনে ঢোকানো হয়েছে। তাঁরা ভবনে ফাটল দেখে ভয়ে ঢুকতে চাননি। দুর্ভাগ্য এই যে, ঘুরেফিরে এ ধরনের বেশিরভাগ দুর্ঘটনায় অপঘাত মৃত্যুর শিকার হয় গার্মেন্ট শ্রমিকরাই। আমরা ২০০৫ সালে সেপকট্রাম ও গত বছর তাজরীন গার্মেন্ট দুর্ঘটনায় বহু শ্রমিকের করুণ মৃত্যু দেখেছি। তাদের প্রতিটি জীবনের দাম শোধ হয়েছে মাত্র এক লাখ টাকায়। যাদের কারণে এত প্রাণ গেলো, তাদের কারো শাস্তি হয়নি। দেশে একটা শক্ত বিল্ডিং কোড আছে, মানছে না অনেকেই। রাজউকও এ দায় এড়াতে পারে না। এই ট্র্যাজেডির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে, তা না হলে এমন অপঘাত মৃত্যুর মিছিল থামবে না। আমি মনে করি, নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন প্রতিটি ভবন ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া দরকার। এ ব্যাপারে ভবন নির্মাণ সংক্রান্ত নজরদারির সঙ্গে যুক্ত প্রতিটি সংস্থাকে সক্রিয় হতে হবে। ঢাকা