এ বছর সৌদি রেমিট্যান্স কমে যাবে
প্রকাশ : ০৩ মে ২০১৩, ২১:০৮
সৌদিতেও বেকারত্ব বেড়ে গেছে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেকারত্বও বেড়ে গেছে দ্রুত, যার প্রভাব পড়েছে বহিরাগত জনশক্তির ওপর। সৌদিতে মোট জনসংখ্যা দুই কোটি। বাকি সবাই বিদেশি শ্রমজীবি মানুষ। নিজের দেশের বেকারত্ব রেখে অন্যদেশের শ্রমিক দ্বারা কাজ করাবে এটা কেউই চায় না। তাই সরকারিভাবে তাদের কর্মসংস্থানের চেষ্টা চলছে। সম্প্রতি সৌদিতে বেশ ধরপাকড় হয়েছে এবং গত দেড়বছরে নয় লাখ অবৈধ (ফ্রি-ভিসাসহ) বিদেশি কর্মী পাঠিয়ে দিয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছে চার লাখ বেকার সৌদিয়ান। তারপরও একটা সুযোগ দেওয়া হয়েছে যে, আগামী তিনমাসের মধ্যে যদি বৈধতা নিতে পারে তবে সৌদিতে অবস্থান করতে পারবে, অন্যথায় নিজ দেশে স্বেচ্ছায় চলে যেতে হবে। নির্দিষ্ট মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যদি কেউ ধরা পড়ে তবে তাকে জেল-জরিমানা ভোগ করতে হবে। জরিমানার পরিমাণ দশহাজার থেকে ত্রিশহাজার রিয়াল এবং জেল ন্যূনতম তিনমাস থেকে শুরু করে ছয়মাস পর্যন্ত নির্ধারণ করে দিয়েছে। শিথিলকৃত তিনমাস শুরু হয়েছে এপ্রিল’১৩ থেকে। সুতরাং বাংলাদেশি বহু কর্মী বর্তমানে ফেরত যাওয়ার জন্যে অপেক্ষা করছে।
সেইদিন (বেশ কিছুদিন পর) এক বাংলাদেশি রেস্টুরেন্টে গেলাম। গিয়ে দেখি দোকানদার নির্জনে দাঁড়িয়ে পরোটা ভাজছে। কোনো ক্রেতা নেই, কর্মচারীও নেই। ক্রেতাসূত্রে পূর্ব পরিচয় ছিল বলে ডাকতে ডাকতে আমরা কিচেনের মধ্যেই ঢুকে পড়লাম। কথা বলতে বলতে দোকানদার একপর্যায়ে প্রায় কেঁদেই ফেললেন এবং (অপ্রিয় হলেও সত্য) দুর্বল কুটনীতির জন্য সরকারকে গালিগালাজ করলেন। বললেন তার যে কয়জন ক্রেতা ছিল তারা প্রায় সবাই ফ্রি ভিসার লোক এবং সৌদি আইনে ফ্রি ভিসা মানেই অবৈধ। (আসলে ফ্রি-ভিসা বলতে কিছু নেই। তারা এক মালিকের অধীনে আসে। মালিক তাদেরকে বাইরে কাজ করার অনুমতি দেয়। সে তার পছন্দমতো জায়গায় স্বাধীনভাবে কাজ করে। এটাকেই বলে ফ্রি-ভিসা।) এই অবস্থায় মালিক তাদের পাত্তা দিচ্ছে না। তারা এখন দেশে যাওয়ার জন্য দিন গুনছে। তাই খরচপাতিও কমিয়ে দিয়েছে এবং রেস্টুরেন্টে খাওয়া বন্ধ করে দিয়েছে। ইনকাম নেই, তাই কর্মচারীও বাদ দিয়েছে। এদিকে তার মালিক (সৌদি স্পন্সর) প্রতিমাসে চার হাজার রিয়াল করে অতিরিক্ত নিয়ে যাচ্ছে তার (দোকানদার) ব্যবসার বৈধতা রক্ষার জন্যে। সরকারি নথিতে দেখাচ্ছে যে, তার দোকানে সৌদি কর্মচারী রয়েছে। নিয়ম মোতাবেক প্রতিটি দোকানে কমপক্ষে একজন সৌদি কর্মী রাখতে হবে। ঘটনা হলো কেউ রাখতে চায় না, কারণ তারা কাজ করে না।
এদিকে (১৬ এপ্রিল ২০১৩, আরব নিউজে প্রকাশিত) শ্রমমন্ত্রী আবদেল ফাকেহ্ এমবিসি টিভিতে এক সাক্ষাত্কারে বলেছেন যে, তারা একলাখ পরিদর্শককে পুলিশের সঙ্গে কাজ করার জন্য ইতিমধ্যে নিয়োগ দিয়েছেন। পরিদর্শকেরা মে মাস থেকে তাদের কাজ শুরু করে দেবে এবং শাদা পোশাকে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়বে জনসাধারণের মধ্যে। কোনো কোম্পানী যদি কোনো অবৈধ কর্মীদের সহায়তা করে বা কাজ দেয় তবে ঐ কোম্পানির এক লাখ রিয়াল জরিমানা এবং অবৈধ প্রত্যেক কর্মীর দুই বছরের জেল হবে।
এখন প্রায় সকল প্রতিষ্ঠানে বিশেষ করে সৌদিতে যারা রয়েছে তাদের সকলেরই হিসাব নিকাশ পাল্টে গেছে। উত্কণ্ঠার দিন কাটছে অনেকের। বাংলাদেশের সবচেয়ে বেশি জনশক্তি কাজ করে সৌদি আরবে। গত ২৪ এপ্রিল দৈনিকে ইত্তেফাকে দেখলাম সৌদি প্রবাসীদের রেমিট্যান্সের পরিমাণ বেশি। এই বছর সেটাও কমে যাবে। এই দুর্মূল্যের বাজারে সৌদি ফেরত মানুষগুলোর অবস্থা যে কী হবে চিন্তাই করা যায় না। সরকারও বেকারত্ব দূর করার জন্য কোনো আশানুরূপ পদক্ষেপ নিচ্ছে বলে মনে হয় না। প্রবাসীরা যদি ফেরত যায় তবে তাদের পূনর্বাসনের ব্যবস্থা করা তো আরো দুরের কথা ! প্রায়ই পত্রপত্রিকায় খবর পাওয়া যায় যে, সচ্ছল প্রবাসীরা দেশে বিনিয়োগ করতে চায়, কিন্তু নিজেদের ইচ্ছেমতো নিয়োগ দিতে পারেনা। মন্ত্রী আমলাদের ইচ্ছেমতো নিয়োগ দিতে হয়। কাজেই নিজের টাকা ব্যয় করে অন্যায়কে প্রশ্রয় দিতে কেউই রাজি হয় না। তাই কেউ বিনিয়োগও করতে চায় না। অপ্রিয় হলেও কথাটা শতভাগ সত্যি। তবুও এই ভাবনাটা সরকারের। আশা করি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টা গুরুত্বের সঙ্গে ভেবে, দেখবেন।
সৌদিআরব