ভৈরবে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের চেহলাম অনুষ্ঠিত

প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের চেহলাম গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। তার নিজ জম্মস্থান ভৈরবে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়। সকালে রাষ্ট্রপতির বাসভবন ও আওয়ামী লীগ কার্যালয়ে কোরআনখানি ও বাদ জুমা মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও মন্দির, গির্জায় বিশেষ প্রার্থনা করা হয়েছে। শহরের রেলওয়ে উচ্চ বিদ্যালয় ও গার্লস হাই স্কুল মাঠে দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা করা হয়েছে। অপরদিকে উপজেলার ৭টি ইউনিয়নে পৃথক পৃথক মিলাদ মাহফিল, দোয়া ও কাঙালি ভোজের আয়োজন করা হয়। দুপুর ১২টায় গার্লস হাই স্কুল মাঠে মিলাদ মাহফিলে শরীক হন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এডভোকেট সাহারা খাতুন, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে ভৈরব-কুলিয়ারচর আসনের সংসদ সদস্য নাজমুল হাসান পাপন ও দুই কন্যা তানিয়া বখত, ময়না রহমান। এছাড়া বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন বাদল, কিশোরগঞ্জ জেলাপরিষদ চেয়ারম্যান এডভোকেট জিল্লুর রহমান, জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।