ছাতকে রেলের কংক্রিট স্লিপার কারখানা সাত মাস বন্ধ

ছাতকে বাংলাদেশ রেলওয়ের নিয়ন্ত্রণাধীন দেশের একমাত্র কংক্রিট স্লিপার কারখানাটি দীর্ঘ ৭ মাস ধরে বন্ধ রয়েছে। দেশের একমাত্র রাষ্ট্রিয় স্লিপার কারখানা বন্ধ হওয়ার কারণে কারখানার অর্ধশতাধিক শ্রমিক-কর্মচারীসহ সংশ্লিষ্ট দু’শতাধিক লোক বেকার হয়ে পড়েছে। কারখানার কোটি কোটি টাকার কাঁচামাল খোলা আকাশের নিচে পড়ে থাকায় নষ্ট হয়ে যাচ্ছে। দেশে বেসরকারিভাবে গড়ে ওঠা দুটি স্লিপার কারখানার কারণে রাষ্ট্রিয় এ প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ হওয়ার আশংকা করছেন স্থানীয়রা। সম্প্রতি সরেজমিনে কারখানা ঘুরে দেখা যায়, স্থানীয় কাঁচামালের উপর নির্ভর করে ১৯৮৮ সালের ২৭ অক্টোবর তত্কালীন যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ছাতক কংক্রিট স্লিপার কারখানায় উত্পাদন শুরু হয়। কারখানায় কংক্রিট স্লিপার তৈরির প্রধান কাঁচামাল হাইটেনশন স্ট্রিল রড, ইনসাট স্ট্রিল পাত ভারত থেকে আমদানী করা হয়। এছাড়া ছাতক সিমেন্ট কারখানার স্পেশাল সিমেন্ট, ভোলাগঞ্জের পাথর ও বালু দিয়ে উচ্চ মানসম্পন্ন কংক্রিট স্লিপার এ কারখানায় উত্পাদিত হয়। কারখানা প্রতিষ্ঠার ২৫ বছরের মধ্যে একাধিকবার কাঁচামাল সংকটের কারণে কারখানাটি বন্ধ হলেও বর্তমানে স্থায়ীভাবে কারখানাটি বন্ধেরমুখে পড়েছে। জামালপুরে ‘তমা’ ও পঞ্চগড়ে ‘ম্যাক্স’ নামের স্লিপার কারখানা গড়ে ওঠায় এখানকার কংক্রিট স্লিপার কারখানাটিতে বিরূপ প্রভাব পড়েছে। কারখানার আইডব্লিউ কবির আহমদ জানান, সেডে স্লিপার ধারণক্ষমতা না থাকায় এবং ডেলিভারি বন্ধ হওয়ার কারণে কারখানাটি ৭ মাস ধরে বন্ধ রয়েছে। এ ব্যাপারে রেলওয়ের ছাতকস্থ নির্বাহী প্রকৌশলী আবু ইউসুফ মোহাম্মদ শামীম জানান, সম্প্রতি তমা ও ম্যাক্স নামের দু’টি কংক্রিট স্লিপার কারখানায় উত্পাদিত স্লিপারের প্রেশার টেস্টের জন্য এ কারখানায় পাঠানো হয়েছে। রেলওয়ে সরাসরি এ কারখানাগুলোর স্লিপার ব্যবহার না করলেও রেলওয়ের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্লিপারগুলো ব্যবহূত হচ্ছে। তবে গুণগত মান বিবেচনায় ছাতকে উত্পাদিত স্লিপার অত্যন্ত ভাল। কারখানা বন্ধের ব্যাপারে তিনি জানান, উত্পাদিত স্লিপার নিয়মিত ডেলিভারি না হওয়ায় সেডের ধারণক্ষমতা ছাড়িয়ে গেছে। ফলে কারখানার উত্পাদন বন্ধ রাখা হলেও মে মাসের প্রথম সপ্তাহে আবারো কারখানা চালু করা হবে। উত্পাদন সচল রাখার মতো যথেষ্ট পরিমাণ কাঁচামাল কারখানায় মজুত রয়েছে।