চাষাঢ়ায় বোমা হামলা
মামলার চার্জশিটে শকুসহ ৬ জন অভিযুক্ত
প্রকাশ : ০৩ মে ২০১৩, ২১:৪৭
১২ বছর পর চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলার ঘটনায় বৃহস্পতিবার আদালতে চার্জশিট দিয়েছে মামলাটির তদন্তকারী সংস্থা সিআইডি। চার্জশিটে ৬ জনকে অভিযুক্ত ও ৩১ জনকে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯৪৭ পাতার চার্জশিটটি দাখিল করা হয়।
চার্জশিটে অভিযুক্ত ৬ জন হলেন নারায়ণগঞ্জে ক্রসফায়ারে নিহত যুবদল ক্যাডার মমিনউল্লাহ ডেভিডের ছোট ভাই শাহাদাতউল্লাহ জুয়েল, হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নান, জঙ্গি নেতা ওবায়দুল্লাহ রহমান, ভারতের দিল্লী কারাগারে আটক সহোদর আনিসুল মোরসালিন, মুহিবুল মুত্তাকিন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু।