যশোরে বোমা তৈরির সময় বিস্ফোরণে যুবক গুরুতর আহত

যশোরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ফরিদ শেখ (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। ফরিদ যশোর শহরের শংকরপুর এলাকার আব্দুল আজিজের ছেলে। বৃহস্পতিবার রাতে বোমা বানাতে গিয়ে ফরিদ আহত হয়। গোপনে চিকিত্সা নেয়া অবস্থায় শুক্রবার বিকেলে পুলিশ তাকে আটক করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ফরিদসহ একদল দুর্বৃত্ত তার বাড়ির পেছনে বোমা তৈরি করছিল। এ সময় একটি বোমার বিস্ফোরণে ফরিদের দু’হাত, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। আহত অবস্থায় তার সহযোগীরা ফরিদকে উদ্ধার করে এলাকায় গোপনে চিকিত্সার ব্যবস্থা করে। শুক্রবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ফরিদকে আটক করে। পরে তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক।