শিবগঞ্জে আওয়ামী লীগের কর্মী সভায় তোপের মুখে বিদ্যুত্ প্রতিমন্ত্রী
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০৩ মে ২০১৩, ২২:৪১
শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কর্মীসভায় নেতাকর্মীদের তোপের মুখে পড়লেন বিদ্যুত্ প্রতিমন্ত্রীসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার বিকেল ৫টায় শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের সম্মেলন কক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় নেতারা তৃণমূল কর্মীদের তোপের মুখে পড়েন।
গতকাল বিকেলে ঐ কর্মীসভায় বক্তব্য রাখেন বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মঈনুদ্দীন মন্ডল, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান রুহুল আমীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলন চলাকালে কর্মীদের কোন কথা না শুনেই একে একে কেন্দ্রীয় নেতাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা বক্তৃতা করেন। এসময় তৃণমূল কর্মীরা দাবি করে বলেন, এটি কর্মীদের সম্মেলন হলেও নেতারাই বক্তৃতা দিচ্ছেন। কর্মীদের কোন মতামত নেয়া হচ্ছে না। বর্তমান রাজনৈতিক সহিংসতায় বিরোধী দলের কাছে তৃণমূল নেতাকর্মীরাই নির্যাতিত হচ্ছে এবং প্রাণ হারাচ্ছে। এদিকে স্থানীয় নেতারা ঢাকাসহ নিজ বাড়িতে ঘুমাচ্ছেন। তৃণমূল কর্মীদের উপর জুলুম নির্যাতন চললেও স্থানীয় নেতৃবৃন্দ কোন পদক্ষেপ গ্রহণ করছেন না।
এনিয়ে হলরুমের মধ্যে প্রায় ঘণ্টা ব্যাপী চলে হট্টগোল। পরে কেন্দ্রীয় নেতা আবু সাইদ আল মাহমুদ স্বপন হলরুম থেকে সাংবাদিকদের বের করে দিয়ে পুলিশের সহায়তায় পরিস্থিতি শান্ত করেন। অপরদিকে কর্মীসভা শুরুর আধাঘণ্টা পূর্বে আতঙ্ক ছড়াতে কে বা কারা সভাস্থলে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।