মির্জাপুরে এক সপ্তাহে দুই গৃহবধূ খুন, একজন নিখোঁজ
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ০৩ মে ২০১৩, ২২:৪২
গত এক সপ্তাহে টাঙ্গাইলে দুই গৃহবধূ খুন হয়েছে। রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে অপর এক গৃহবধূ। দুই দিনের ব্যবধানে দুটি খুনের ঘটনা ঘটলেও খুনীদের পুলিশ গ্রেফতার করতে পারেনি। মির্জাপুরের ফতেপুর ইউনিয়নের কুরনি এবং গোড়াই ইউনিয়নের গোড়াই হাটুভাঙ্গা এলাকায় পৃথক ঘটনায় এই দুই খুনের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার কুরনি ও গোড়াই এলাকায় ঘুরে দুই গৃহবধূ খুনের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে । গত রবিবার রাতে খুন হয় নববধূ শান্তি আক্তার। তার পিতা চাঁন মিয়া অভিযোগ করেন, মাত্র ৬ মাস আগে মুসুরিয়াঘোনা গ্রামের-কাজী সাইদুর রহমানের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তার উপর নির্যাতন চালায়। গত রবিবার তারা তাকে খুন করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেয়ার জন্য নিহত শান্তির মুখে বিষ ঢেলে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তির চেষ্টা করে। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করলে তারা লাশ ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ময়না তদন্তের জন্য লাশ টাঙ্গাইল মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে শান্তির পরিবার বাদী হয়ে মির্জাপুর থানায় হত্যা মামলা করলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
এদিকে গত সোমবার রাতে খুন হয়েছে গোড়াই হাটুভাঙ্গা এলাকার গার্মেন্সকর্মী আছমা বেগম (৩৫)। এলাকার লোকজন জানায়, আছমা বেগমের বাড়ি গাইবান্ধা জেলায়। তার স্বামীর নাম জহিরুল ইসলাম । সংসারের অভাব অনটন এবং পারিবারিক কলহের জের ধরে, আছমাকে গলা কেটে হত্যা করে জহিরুল পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন লাশ দেখে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে মির্জাপুর থানায় মামলা হলেও কেউ গ্রেফতার হয়নি।
দুই খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে অপর এক গৃহবধূ। পুলিশ জানায়, ২৮ এপ্রিল নগন ভাদগ্রামের প্রবাসী হেলাল খানের স্ত্রী শেফালি আক্তার (৩০) রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। এব্যাপারে স্বামী হেলাল খান মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়রী করেছে। এ ব্যাপারে মির্জাপুর থানার ডিউটি অফিসার জানান, গতকাল শুক্রবার পর্যন্ত তিন মামলায় কেউ গ্রেফতার হয়নি।