দাবি না মানলে কাল চট্টগ্রামে অর্ধ দিবস হরতাল

ইসলামিক ফ্রন্টের নেতারা অবিলম্বে আল্লাহ ও রাসুলের নামে কুত্সা রটনাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন। গতকাল শুক্রবার নগরীর লালদীঘি ময়দানে আয়োজিত সমাবেশে তারা এ দাবি জানান। নেতারা অবিলম্বে নির্বাচনকালীন সরকারের রূপরেখা প্রণয়ন, স্বাধীন নির্বাচন কমিশন ও চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা, জমিয়তুল ফালাহ মসজিদের খতিব মাওলানা জালালুদ্দিনের ওপর হামলাকারী ও দলীয় কর্মী সাইফুলের হত্যাকারীদের গ্রেফতারসহ সংগঠনের ২১ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। সমাবেশ থেকে আজ শনিবারের মধ্যে সাইফুল হত্যাকারীদের গ্রেফতার করা না হলে আগামীকাল রবিবার চট্টগ্রামে অর্ধদিবস হরতালের হুমকি দেয়া হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী এবং প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন জুবায়ের। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এম সোলায়মান ফরিদ, অ্যাডভোকেট এম আবু নাসের তালুকদার, অধ্যক্ষ আল্লামা এসএম ফরিদউদ্দিন প্রমুখ।