উত্তরায় দুই গৃহকর্মীর লাশ
মৃত্যু রহস্যের কুলকিনারা
পাচ্ছে না পুলিশ
প্রকাশ : ০৩ মে ২০১৩, ২২:৪৩
রাজধানীর উত্তরায় দুই গৃহকর্মীর মৃত্যু রহস্যের কোনো কুলকিনারা পাচ্ছে না পুলিশ। তারা আত্মহত্যা করেছে না তাদেরকে হত্যা করা হয়েছে এ বিষয়ে পুলিশ অন্ধকারে রয়েছে। ময়না তদন্ত শেষে গতকাল শুক্রবার সকালে লাশ দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরার ৭ নম্বর সেক্টরের এক বাড়ির চতুর্থ তলায় আরিফ ইকবালের বাসা থেকে গৃহকর্মী জেরিন আক্তার (১৫) এবং শিউলী আক্তারের (১৭) লাশ উদ্ধার করে উত্তরা-পশ্চিম থানার পুলিশ।
থানার ওসি জানান, গলায় দাগ ছাড়া লাশ দুইটির শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি আরও জানান, তার পুলিশে চাকরি জীবনে এক সঙ্গে একই ফ্যানের সঙ্গে দুইজন মানুষের আত্মহত্যার ঘটনাও তিনি দেখেননি। ঘটনাটির কোনো ক্লু খুঁজে পাচ্ছেন না তারা। প্রাথমিক তদন্তে তাদেরকে শারীরিক নির্যাতনের আলামতও পাওয়া যায়নি। আত্মহত্যাই বা কেন করবে প্রশ্ন রেখে ওসি বলেন, তাদের পুরো ঘটনাটি রহস্যে ঘেরা। এক্ষেত্রে ময়না তদন্তের প্রতিবেদনই মৃত্যুর রহস্য উদঘাটনের একমাত্র ভরসা।