জামালপুর-ঢাকা সড়কে বাস চলাচল বন্ধ

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে অবৈধভাবে সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে জামালপুর-ঢাকা মহাসড়কে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বাস চালক ও শ্রমিকরা শুক্রবার দুপুর থেকে। বাস চালকদের অভিযোগ, জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে অবৈধভাবে সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটি, নসিমন, করিমন চলাচল করে আসছে। প্রায় দুই শতাধিক এসব যানবাহন চলাচল করায় বাস যাত্রী আশঙ্কাজনকহারে হ্রাস পেয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনকে বার বার অভিযোগ করার পরেও ঐসব বন্ধের কোন উদ্যোগ নেয়া হয়নি। তাই বাস শ্রমিকরা বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দিয়েছে। ধর্মঘট চলাকালে জামালপুর পৌর বাস টার্মিনালে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে। ধর্মঘটের কারণে জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে চলাচলকারী যাত্রীরা জনদুর্ভোগে পড়েছে।