শেখ হাসিনার প্রস্তাবে সাড়া
দিয়ে আলোচনায় বসুন
প্রকাশ : ০৩ মে ২০১৩, ২২:৪৪
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম আলাপ আলোচনার মাধ্যমে দেশে রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দেশের রাজনৈতিক সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রস্তাব দিয়েছেন, এটাই সংকট উত্তরণের উত্তম পথ। আলোচনা ছাড়া কোন সমস্যার সমাধান সম্ভব নয়। আমার বিশ্বাস বিরোধী দলসমূহ প্রধানমন্ত্রীর এই প্রস্তাবে সাড়া দিয়ে আলোচনায় বসবে।
তিনি গতকাল শুক্রবার বিকেলে শিবপুর উপজেলা পরিষদ মাঠে শহীদ রবিউল আউয়াল খান কিরনের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি হারুন অর রশিদ খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নরসিংদী জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি এড. আসাদোজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভুঁইয়া, প্রাইম ব্যাংক চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহাববুর রহমান ভুঁইয়া প্রমুখ।
মোহাম্মদ নাসিম হেফাজতে ইসলামের নেতা মাওলানা আহমেদ শফি’র সমালোচনা করে বলেন, মাওলানা আহমেদ শফি দেশের এই দুঃসময়ে হেলিকপ্টারে করে চট্টগ্রাম থেকে বগুড়ায় গিয়েছেন। এতে অনেক টাকা ব্যয় হয়েছে। এই টাকা তিনি সাভার ট্রাজেডিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিলি করতে পারতেন। তিনি বলেন, আগামী ৫ মে হেফাজতে ইসলাম ঢাকায় যে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে তা যদি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় তবে আমরা স্বাগত জানাবো। আর যদি কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়, যদি জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হয় তবে আমরা কঠোর হস্তে তা দমন করবো।