কর্মীদের নিয়ে ঢাকা অভিমুখে হেফাজতের গাড়িবহর

হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচির প্রাথমিক যাত্রা শুরু হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে আলোচনা ও ঢাকা অবরোধ কর্মসূচি প্রত্যাহারের প্রস্তাব নাকচ করে দিয়ে মূল কর্মসূচির পথে এগিয়ে যাচ্ছেন ধর্মভিত্তিক এই সংগঠনের নেতাকর্মীরা। শীর্ষ নেতাদের নিয়ে সংগঠনের আমীর আল্লামা শাহ আহমদ শফী ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন। আগামীকাল রবিবারের এই অবরোধ কর্মসূচিকে সামনে রেখে বৃহস্পতিবার রাত থেকেই হেফাজতের নেতাকর্মী ও সমর্থকদের গাড়ির বহর ঢাকা অভিমুখে যাত্রা শুরু করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানান, শুধুমাত্র চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকেই দুই শতাধিক বাস শুক্রবার ঢাকায় পৌঁছেছে। রবিবারের মধ্যে আরও কয়েকশত বাস চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে। গত ৬ এপ্রিল ঢাকা অভিমুখে লংমার্চ কর্মসূচিতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অংশ থেকে হেফাজতের লোকজন ঢাকা পৌছাতে না পারায় এবার দু‘দিন আগেই তারা ঢাকায় আসা শুরু করেছেন বলে তিনি জানান। ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্প্রতি ঢাকা অবরোধ কর্মসূচি দেয় হেফাজত। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা অবরোধ কর্মসূচির অংশ হিসেবে হেফাজত কর্মীরা ঢাকার প্রবেশদ্বার সমূহে অবস্থান গ্রহণ করবেন। কেন্দ ীয় নেতৃবৃন্দসহ কর্মীদের একটি বিরাট অংশ ঢাকার পুরানা পল্টন সংলগ্ন বায়তুল মোকাররমের উত্তর গেইট এলাকায় অবস্থান নেবেন। ওই স্থানে মঞ্চও নির্মাণ করার পরিকল্পনা রয়েছে বলে হেফাজত নেতারা জানান। সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মফুতি ইজহারুল ইসলাম চৌধুরী জানান, তাদের অবস্থান কী ধরনের হবে, তা একমাত্র হুজুরই (আল্লামা শফী) বলতে পারবেন। কৌশলের কারণে কর্মসূচির সকল কিছু প্রকাশ করা হচ্ছে না। পাল্টা কর্মসূচি ঘোষণা এদিকে হেফাজতের অবরোধ কর্মসূচির বিরোধিতা করে দ্বিধাবিভক্ত আহলে সুন্নাত ওয়াল জামা‘আত এবং ইসলামী ঐক্য ফ্রন্ট পৃথক কর্মসূচি দিয়েছে। চট্টগ্রামে ইসলামী ঐক্য ফ্রন্ট রবিবার আধাবেলা হরতাল করার ঘোষণা দিয়েছে। আহলে সুন্নাত ওয়াল জমা‘আত সমাবেশ করে হেফাজতের আমীরসহ শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেফতারের দাবি জানিয়েছে। তাছাড়া ত্বরিকত ফেডারেশনসহ কয়েকটি সরকার সমর্থক ইসলামী সংগঠন হেফাজতের ঢাকা অবরোধ কর্মসূচির বিরোধিতা করছে বলে জানা গেছে। মসজিদ-মাদ্রাসায় অবস্থান নিয়েছেন হেফাজত কর্মীরা নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, অবরোধ কর্মসূচি সফল করতে হেফাজতে ইসলামের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক জেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় অবস্থান নিয়েছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় রেলওয়ে কেন্দ ীয় জামে মসজিদের সামনে সমাবেশ করেন তারা। এতে বক্তারা যে কোন মূল্যে অবরোধ সফল করার আহবান জানান। সিলেটে হেফাজতের মিছিল-সমাবেশ সিলেট অফিস জানায়, জেলার হেফাজত কর্মীরা হাজার খানেক গাড়ী নিয়ে ঢাকায় অবরোধে যোগ দেবেন। আজ শনিবার রাত ৯টায় হুমায়ুন রশীদ চত্বর থেকে এই গাড়ীর বহর ঢাকার উদ্দেশে রওয়ানা হবে বলে জানা গেছে। এদিকে শুক্রবার বাদ জুমা সিলেট কোর্ট পয়েন্ট থেকে হেফাজতে ইসলামের উদ্যোগে একটি মিছিল বের করা হয়। পরে মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর সভাপতিত্বে নগরীর চৌহাট্টায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ১৩ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত হেফাজতে ইসলামের আন্দোলন চলবে। তারা বলেন, ৫ মে যারা ঢাকায় যেতে পারবেন না, তারা যে যেখানে থাকবেন সেখানেই অবরোধ করবেন। ধর্মপ্রাণ মুসলমানরা তাদের দাবি আদায় না করে ঘরে ফিরে যাবে না। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা আবদুর রহমান সিদ্দিকী প্রমুখ।