যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে প্রজন্ম ৭১-এর সমাবেশ

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মৌন সমাবেশ করেছে মুক্তিযুদ্ধে শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম ৭১। গতকাল শুক্রবার বিকালে রাজধানীর কেন্দ ীয় শহীদ মিনারে এ মৌন সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে মুক্তিযুদ্ধে শহীদ শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার, শহীদ সলিম উল্লাহর ছেলে শিবলী মোহাম্মদ, জহির রায়হানের ছেলে অনল রায়হান এসেছিলেন বাবার ছবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে। ফেরদৌসী মজুমদার এসেছিলেন শহীদ ভাই শহীদ মুনীর চৌধুরীর ছবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে। শহীদ আজহারুল হকের স্ত্রী এবং শহীদ আলীম চৌধুরীর স্ত্রীও এসেছিলেন এ মৌন সমাবেশে। এভাবে শতাধিক শহীদের স্বজনরা এসেছিলেন এ সমাবেশে। কারো প্ল্যাকার্ডে শহীদ স্বজনের ছবি ছিল। কারো প্ল্যাকার্ড ছিল ছবিশূন্য। ছবি সংগ্রহে না থাকায় ছবি ছাড়াই প্ল্যাকার্ড নিয়ে তারা দেশের বিভিন্ন স্থান থেকে শহীদ মিনারে এসে জড়ো হয়েছিলেন। অনেকের প্ল্যাকার্ডে ছিল যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান। সমাবেশ শুরুতে সংগঠনের সভাপতি শাহীন রেজা নূর বলেন, মৌনতার একটি শক্তি আছে। সেই শক্তি নিয়ে আমরা জমায়েত হয়েছি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে। তিনি বলেন, ৪২ বছর ধরে আমরা বিচারের দাবি জানিয়ে আসছি। বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচারের কার্যক্রম শুরু করেছে, যা আমাদের অনুপ্রেরণার জায়গায় নিয়ে গেছে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া বানচাল করার জন্য একাত্তরের পরাজিত শক্তি ঘাতক বাহিনী সমস্ত শক্তি নিয়ে মাঠে নেমেছে। দেশে এবং বিদেশে অর্থবল ও অস্ত্রবল নিয়ে তারা যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়া বানচাল করার জন্য কাজ শুরু করেছে। শাহীন রেজা নূর বলেন, এ যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়া নিয়ে বিশ্বের নামি দামি সংবাদপত্র ইকনোমিস্ট, নিউ ইয়র্ক টাইমস, টেলিগ্রাফ এবং মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করছে। আন্তর্জাতিক মান নিয়ে প্রশ্ন তুলে ট্রাইব্যুনালের কার্যক্রমের বিরুদ্ধে নানা চক্রান্ত করেছে। মানবাধিকার বিষয় নিয়েও তারা প্রশ্ন তুলেছে। আমরা বলতে চাই, আমরা যারা স্বজন হারিয়েছি, আমাদের স্বজনদের যারা হত্যা করেছে তারা কিন্তু মানবাধিকারের বিষয়টি বিবেচনায় আনেননি। আমরা ঐসব সংবাদপত্রের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। তাদের মূল্যায়ন-বক্তব্য আমরা মানি না। গণজাগরণ প্রসঙ্গে তিনি বলেন, গণজাগরণ মঞ্চ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেছে। এ মৌন সমাবেশে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, মুক্তিযুদ্ধের সংগঠক মেজর জিয়াউদ্দিন, নাট্য ব্যক্তিত্ব ম হামিদ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাস গুপ্ত, যুবলীগের কেন্দ ীয় কমিটির নির্বাহী সদস্য গিয়াস উদ্দিন আজম, সাবেক সংসদ সদস্য অধ্যাপক আব্দুল মান্নান, শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, স্বাধীন বাংলা বেতার কেন্দে র বুলবুল মহলানবীশ, চারুকলার ডিন আবুল বারাক আলভী, সাংস্কৃতিক সংগঠক হাসান আরিফ, হারুন হাবিব প্রমুখ। এছাড়া এ সমাবেশে সংহতি জানিয়েছেন অধ্যাপক আনিসুজ্জামান, বিচারপতি হাবিবুর রহমান, রশিদ হায়দার, মামুনুর রশীদ, ব্যারিস্টার আমীর উল ইসলাম, ব্যারিস্টার তানিয়া আমির, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, শাহরিয়ার কবির, পিযূষ বন্দ্যোপাধ্যায়, মুনতাসির মামুন, রবিউল হুসাইন, আলী যাকের, রফিক উন নবী প্রমুখ। এছাড়া অর্ধশতাধিক সংগঠন এ সমাবেশে সংহতি জানিয়েছে। মুক্তিযুদ্ধে শহীদ এবং সম্প্রতি সাভারের নিহতদের স্মরণে সমাবেশে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভাপতির বক্তব্যের পর এক ঘন্টা মৌন সমাবেশ কর্মসূচি পালন করা হয়। পরে মাল্টিমিডিয়ার সাহায্যে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের বক্তব্য তুলে ধরা হয়। মোমবাতি প্রজ্বলনের মধ্য নিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে।