অর্থ সংকটে শেষ হচ্ছে না সিলেটের কাজীবাজার সেতু
হুমায়ুন রশিদ চৌধুরী, সিলেট অফিস
প্রকাশ : ০৩ মে ২০১৩, ২৩:১৫
সিলেট নগরীর ক্বি ব্রিজের অদূরে বহুল আলোচিত কাজীর বাজার সেতু নির্মাণ প্রকল্পটি দীর্ঘ ৭ বছরেও শেষ হয়নি। ২০০৫ সালে শুরুতে যেভাবে ঢাক-ঢোল পিটিয়ে সেতুর কাজ শুরু হয়, এখন এটি শেষ করতে আর সে ধারাবাহিকতা রক্ষা হচ্ছে না। মধ্যে টানা তিনটি বছর অর্থ বরাদ্দ না দেয়াসহ নানা জটিলতায় সেতুটির নির্মাণ কাজে দেখা দেয় চরম অনিশ্চয়তা। শেষতক গত বছর ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সফরকালে আলীয়া মাদ্রাসা মাঠের জনসভায় তিনি দ্রুত সেতুর কাজ শেষ করার নির্দেশ দেন। পরে এ বছর যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের কাজীরবাজার সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করে ৫ কোটি টাকা বরাদ্দ দিলে এর বন্ধ্যাত্বের কিছুটা অবসান ঘটে। কিন্তু অল্পদিনেই সেতুটি আবারো অর্থ সংকটে পড়ে।
‘‘আপাতত:২০ কোটি টাকার সংস্থান হলে আগামী অক্টোবর মাসে সেতুটি চালু করা সম্ভব হবে”, মন্তব্য করে সড়ক ও জনপথ বিভাগের সিলেটস্থ অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ,কিউ,এম,ইকরাম উল্লাহ ইত্তেফাককে বলেন, “সেতুর দক্ষিণ তীরে চারটি মন্ত্রণালয়ের অধীনস্থ ভূমি অধিগ্রহণে সময় লেগেছে। তাছাড়া কাজীর বাজারের মাছের আড়ত স্থানান্তরসহ নদীর উভয় তীরে ৪ দশমিক ৮৬ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়।’’ তিনি জানান, ইতোমধ্যে সেতুর স্ট্রাকচারের ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এপ্রোচের কাজ বাকি রয়েছে।
পর্যটন নগরী সিলেট। নগরীর মধ্যে দিয়ে সুরমা নদী প্রবাহিত । নদীর দক্ষিণ তীরে বিশাল জনগোষ্ঠি। এই জনগোষ্ঠির মূল যোগাযোগ উত্তর সুরমার মূল শহরের সাথে। সড়ক পথের সিলেটের প্রবেশ দ্বার দক্ষিণ সুরমায়। বিভাগীয় সদর দপ্তর, রেলওয়ে স্টেশন, কেন্দ ীয় বাস টার্মিনালসহ বহু সরকারি বেসরকারি স্থাপনা দক্ষিণ সুরমায়। বিশেষ করে বিভাগীয় সদর দফতর দক্ষিণ সুরমায় এবং সেখানে নতুন উপজেলাও গঠিত হয়েছে। মেয়াদ উত্তীর্ণ ক্বিন ব্রিজ ও শাহজালাল ব্রিজ মানুষের চাহিদা পূরণ করতে পারে না। তাই ২০০৫ সালের আগস্ট মাসে কাজীর বাজার এলাকায় ৪৭ কোটি টাকা ব্যয়ে চার লেন বিশিষ্ট ৩৬৬ মিটার দৈর্ঘ্য ও ১৯ মিটার প্রস্থ ‘কাজীর বাজার পিসি গার্ডার সেতু’ নির্মাণ প্রকল্পের কাজ হাতে নেয় সড়ক ও জনপথ বিভাগ। ঐ সময় সড়ক ও জনপথ বিভাগ টেন্ডার আহ্বান করলে মেসার্স আব্দুল মোনায়েম লিঃ সর্বনিম্ন ৩৬ কোটি টাকা দরপত্র দাতা হিসাবে কাজটি পায়। প্রতিষ্ঠানটি বর্তমানে আর সংশ্লিষ্ট নয়। বর্তমানে মূল ব্রিজটির ব্যয় বেড়ে ৪৬ কোটি টাকায় উন্নীত হয়েছে। আর ভূমি অধিগ্রহণ খাতে ব্যয় হবে ৬১ কোটি টাকা । এতে মোট ১০৭ কোটি টাকা ব্যয় হবে।
সর্বমোট মোট ১০৭ কোটি টাকার মধ্যে এ পর্যন্ত মোট ৪৭ কোটি টাকা পাওয়া গেছে। কর্মকর্তারা জানান ভূমি খাতে এ পর্যন্ত ২২ কোটি টাকা পরিশোধ করা হয়েছে, আরো ৬ কোটি ৪০ লাখ টাকা পরিশোধ করা হবে। চলতি বছর সওজ সরকারের নিকট ৪০ কোটি টাকা বরাদ্দ চেয়ে মাত্র ২৫ কোটি টাকা পেয়েছে।
২০০৬ সালের ৫ ফেব্রুয়ারি প্রকল্পটির কার্যাদেশ দেয়া হয় এবং ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি প্রকল্পটি বাস্তবায়নের কথা ছিল। বর্তমানে নদীর মধ্য স্থানে ব্রিজের মূল অংশের কাজ এগিয়ে থাকলেও মাঝ পথে এসে প্রকল্প কাজ থমকে পড়ে। এপ্রোচ সড়কের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার দরুন প্রকল্প কাজ বন্ধ থাকে দীর্ঘ আড়াই বছর।
সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শন করে দেখা যায় সেখানে যেন নামকা ওয়াস্তে কাজ চলছে। টাকার অভাবে কাজ যেন থমকে আছে। ঠিকাদার পাওনা টাকার জন্য বার বার চাপ দিচ্ছে সওজকে। সওজের কর্তারা ঠিকাদারকে বলে কয়ে কাজটি চালু রেখেছেন অর্থ প্রপ্তির আশায় । আর টাকা পেলেই এখন এপ্রোচ কাজ ও মধ্যের স্ল্যাব ঢালাই হবে বলে সংশ্লিষ্টরা জানান। সওজের কর্মকর্তারা জানান, প্রকল্পের কাজ শেষ হলে ব্রিজটি দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় হয়ে পর্যটন নগরীর সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। একই সঙ্গে দু’তীরে যাতায়াত সুবিধা বহুগুণ বৃদ্ধি পাবে। সংশ্লি¬ষ্টরা আশা করছেন শীঘ্রই এ সংক্রান্ত জটিলতার অবসান হবে ।