বিএনপির প্রার্থী হিসেবে মাঠে নামলেন তপন

সিটি কর্পোরেশন নির্বাচনের তফশিল ঘোষণার ৪ দিন পর প্রথম বারের মত বিএনপি দলীয় মেয়র প্রার্থী হিসাবে প্রকাশ্যে মাঠে নেমেছেন আব্দুর রহমান তপন। গতকাল শুক্রবার তিনি নগরীর বাইতুল মোকারম জামে মসজিদে মিলাদ মাহফিল ও প্রয়াত শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যক্ষ ইউনুছ খানের কবর জিয়ারত শেষে নগরীতে গণসংযোগ করেন। নিজের ছবি সম্বলিত লিফলেট বিতরণ করে ভোটারদের কাছে ভোট চেয়েছেন। এরপর তার অনুগত দলীয় নেতা-কর্মীদের নিয়ে তিনি ঢাকায় দলের মহাসমাবেশে যোগ দিতে নৌ-পথে রওয়ানা হন। দীর্ঘদিন বিএনপি’র রাজনীতিতে যুক্ত আব্দুর রহমান তপন ইতিপূর্বে মেয়র ও এমপি পদে মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছেন। এবার দলীয় মনোনয়ন না পেলে নির্বাচন করবেন কি না এমন প্রশ্নের জবাবে আব্দুর রহমান তপন ইত্তেফাককে জানান- তখন দলের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। বিএনপি নির্বাচন বর্জন করলেও তিনি আওয়ামী লীগকে খালি মাঠে গোল বা ওয়ার্ক ওভার দিতে রাজি নন। সেক্ষেত্রে জাতীয়তাবাদী শক্তির পক্ষ হয়ে তিনি নির্বাচনের মাঠে লড়তে চান। বিএনপি দলীয় সাবেক মেয়র ও স্থানীয় নেতা-কর্মীদের মত তিনিও মনে করেন বিএনপির সিটি নির্বাচনে অংশ গ্রহণ করা উচিত। সাবেক মেয়রদের দাবির মুখে বিএনপি ৪ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিলেও মজিবর রহমান সরোয়ারকে বাদ দিয়ে তাকে কেন মনোনয়ন দেয়া হবে এমন প্রশ্নের জবাবে আব্দুর রহমান তপন বলেন- রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনুসহ অপর সিটি কর্পোরেশনের সাবেক মেয়রদের মধ্যে কেউই সংসদ সদস্য নন। সংসদ সদস্যদের মেয়র নির্বাচনে অংশ নিতে হলে ১২ মে’র মধ্যে পদত্যাগ করতে হবে। আর পদত্যাগ করলে শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। বিএনপি কোন উপ- নির্বাচনে অংশ গ্রহণ করেনি। এ আসনেও উপ-নির্বাচনে অংশ নেয়ার কোন সম্ভাবনা নেই। শেষ মুহূর্তে আরো একটি সংসদ সদস্য পদ হারানোর পাশাপাশি মেয়র প্রার্থী পরাজিত হলে দলের আম-ছালা দু’ টোই যাবে। এছাড়াও স্থানীয় বিএনপিতে মজিবুর রহমান সরোয়ার ও আহসান হাবিব কামালের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল জোরালো অবস্থায় রয়েছে। এরা দু’জনের কেউ প্রার্থী হলেও দলের একটি অংশের ভোট আওয়ামী লীগের বাক্সে চলে যাবে। তপন উভয় পক্ষের নেতা-কর্মীদের তার পক্ষে নামাতে সক্ষম হবেন বলে দাবি করেন। এদিকে দলীয় সিদ্ধান্তের বাইরেই যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন নির্বাচনের মাঠে নামলেও বর্তমান মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরন এখনো প্রচার-প্রচারণায় নামেননি। তিনি জানান- আগামী ৭ মে সারাদেশের জেলা ও মহানগর সভাপতি- সম্পাদকদের নিয়ে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় বর্ধিত সভা করবেন। ঐ সময় তার সাথে আলোচনা করেই নির্বাচনের প্রচার প্রচারণায় নামবেন। এ তথ্যের সত্যতা স্বীকার করে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আফজালুল করিম ইত্তেফাককে জানান- প্রার্থী হিসাবে শওকত হোসেন হিরনকে গত ২৭ ডিসেম্বর জেলা ও মহানগর আওয়ামী লীগের কাউন্সিলের সময় চূড়ান্ত করা হয়েছে। তবুও দলীয় সভানেত্রীর সাথে আলাপ আলোচনা করেই মাঠে নামার জন্য জেলা ও মহানগর সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানান। এ সিদ্ধান্তের ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চীফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর সাথে আলোচনা হয়েছে বলে মহানগর সম্পাদক আফজালুল করিম জানিয়েছেন।