জেনেভায় বাংলাদেশের বিচার বহির্ভূত হত্যা গুমসহ পাঁচ ইস্যুতে উদ্বেগ
প্রকাশ : ০৩ মে ২০১৩, ২৩:১৬
জাতিসংঘ মানবাধিকার সংস্থার দ্বিতীয় সার্বজনীন পরিবীক্ষণ বা ইউপিআর-এর শুনানিতে বাংলাদেশের মানবাধিকারের ৫টি বিষয়ে সবচেয়ে বেশি আলোচনা করার পাশাপাশি উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিষয়গুলো হচ্ছে—বিচারবহির্ভূত হত্যাসহ আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকা অবস্থায় নির্যাতন, নারী নির্যাতন, গুম. কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তাসহ শ্রমিকদের অধিকার রক্ষা, সংখ্যালঘুদের ওপর হামলা এবং মৃত্যুদণ্ড। এছাড়া সভায় যে ১৯৬টি সুপারিশ উঠে আসে বাংলাদেশ তার ১৬৬টি গ্রহণ করেছে। এর মধ্যে ২৫টি সুপারিশ পর্যালোচনার জন্য আরো সময় চেয়েছে বাংলাদেশ। তবে ৫টি সুপারিশ বাস্তবায়নের বিষয়ে বাংলাদেশ অপারগতা প্রকাশ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মৃত্যুদণ্ড রহিত করার বিধানটি।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল জেনেভায় জাতিসংঘ মানবাধিকার সংস্থার বৈঠকে ৯৮টি দেশ এ সুপারিশগুলো পেশ করেছিলো। পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল বাংলাদেশের মানবাধিকারের বিষয়ে শুনানিতে অংশ নেন। বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্র সচিব শহীদুল হকসহ রামুর বৌদ্ধ ধর্মগুরু সিমা বৌদ্ধ বিহারের প্রিন্সিপাল শ্রীমত সত্যপ্রিয় মহাথেরো, বৌদ্ধ ধর্ম ফাউন্ডেশনের পরিচালক জ্ঞানেন্দ্র চাকমা ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাসগুপ্ত অন্তর্ভুক্ত ছিলেন।
ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে, যে ৫টি বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয় সেসব বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এটিকে উন্নত দেশের সাথে তুলনা করা চলে না। তবে আমাদের অনেক সীমাবদ্ধতা থাকলেও পরিস্থিতির উন্নয়নে আমরা চেষ্টা করছি। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্যতা হ্রাস, টেকসই অর্থনৈতিক অগ্রগতি, শিক্ষা বিশেষ করে নারী শিক্ষার মতো জায়গাগুলোতে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে চলেছে। উদ্বাস্তু, সংখ্যালঘুদের অধিকার রক্ষা, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও শিশু অধিকারসহ বিভিন্ন মানবাধিকার ইস্যুতে বাংলাদেশ খুব সক্রিয়ভাবে কাজ করছে। আলোচনায় যেসব দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন তারা এতো সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ যে অগ্রগতি করেছে তার প্রশংসা করেন। সংখ্যালঘুদের সমস্যা ও সাম্প্রতিক কয়েকটি ঘটনা সম্পর্কে বলা হয়, যে কটি ঘটনা ঘটেছে সেগুলো বিভিন্ন প্রতিক্রিয়াশীল গ্রুপ ঘটিয়েছে। সরকার প্রতিটি ঘটনার ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনায় মোট ৯৭টি দেশ অংশ নেয়। এর মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, নরওয়ে, ডেনমার্ক এবং জাপানসহ উন্নত দেশগুলো মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে বাংলাদেশকে যেসব সুপারিশ দিয়েছে বাংলাদেশ তার প্রায় সবই গ্রহণ করেছে।
পররাষ্ট্র সচিব শহীদুল হক ইত্তেফাককে বলেন, পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ অত্যন্ত দক্ষতার সাথে শুনানি মোকাবেলা করেছে। এতে কিছু সুপারিশ যেমন গ্রহণ করা হয়েছে সাথে সাথে কিছু অঙ্গীকারও করেছে। তিনি বলেন, সরকার মানবাধিকার রক্ষা ও উন্নয়নে যে আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে সেটা বিদেশিরা বুঝতে পেরেছে। শুনানিতে বাংলাদেশের ধর্মীয় নেতারা সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তা তুলে ধরেন।