দুঃসহ গরম
প্রকাশ : ০৩ মে ২০১৩, ২৩:১৬
দেশের বিস্তীর্ণ এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। ঢাকা মহানগরীতে গতকাল শুক্রবার ছিল এ মৌসুমের সবচাইতে গরম দিন। এখানে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে সবচাইতে বেশি গরম ছিল গতকাল রাজশাহীতে। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারিপুর, দিনাজপুর, সৈয়দপুর, খুলনা, যশোর, কুষ্টিয়া অঞ্চল এবং সমগ্র রাজশাহী ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আজও অব্যাহত থাকতে পারে। তাপপ্রবাহের প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে মানুষ। বিশেষ করে খেটে খাওয়া মানুষ যাদের খোলা আকাশের নীচে কাজ করতে হয় তাদের কষ্ট ছিল অসহনীয়। পথে ঘাটে প্রান্তরে দুঃসহ গরম যেন আগুন, যেন আগুনের হল্কা ছড়াচ্ছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, প্রায় এক সপ্তাহ ধরে ঢাকায় বৃষ্টি হয়নি। দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও তা ছিল নিতান্তই সামান্য। তাই গরম বেড়েছে। তবে আগামী দু’একদিনের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে দুঃসহ গরমের অবসান হবে বলে আশা করছে আবহাওয়া বিভাগ।