ইসলাম হেফাজতের নামে হরতাল অবরোধ নৈরাজ্য গ্রহণযোগ্য নয় :তোফায়েল

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এম.পি বলেছেন, ইসলাম হেফাজতের নামে অবরোধ, হরতাল, ধংসাত্মক কর্মকাণ্ড করে যারা দেশকে অশান্ত করতে চায়, তারা প্রকারান্তরে ইসলামের মর্মবাণীরই অবমাননা করছেন। ইসলাম কখনো জ্বালাও-পোড়াও সমর্থন করে না। তাছাড়া আল্লাহ্র ইসলাম আল্লাহ্ রাব্বুল আলামিনই হেফাজত করবেন। মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে রাজনীতি করা কারোই উচিত নয়। তিনি বলেন, সমপ্রতি প্রধানমন্ত্রীর দেয়া আলোচনার প্রস্তাব খালেদা জিয়ার গ্রহণ করা উচিত। এতে তারও মঙ্গল দেশের মঙ্গল ও একটি নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। তবে সে আলোচনা হতে হবে শর্তহীন এবং তা যেকোন জায়গায় হতে পারে। তোফায়েল আহমেদ খালেদা জিয়ার সাভারে লাশ গুম সম্পর্কিত একটি বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, যেখানে দেশপ্রেমিক সেনাবাহিনী, বিভিন্ন সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠন মিডিয়ার সামনেই প্রাণের মায়া তুচ্ছ করে উদ্ধার কার্য চালাচ্ছেন, সেখানে খালেদা জিয়া বাসায় বসে এমন অবাস্তব বক্তব্য দিয়ে তাদের ফ্যাসিবাদী চরিত্রেরই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তার এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্যে জাতি মর্মাহত। এতে প্রমাণিত হয়, বিএনপি সবসময় মিথ্যাচারে লিপ্ত এবং ষড়যন্ত্রকারী দল। তাদের বোঝা উচিত, আওয়ামী লীগ জনগণের দল। হরতাল ও নৈরাজ্য সৃষ্টি করে আওয়ামী লীগকে কোন স্বৈরশাসক ধ্বংস করতে পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না। এদেশে সকলের কাছে গ্রহণযোগ্য সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এবং সে নির্বাচনের মাধ্যমেই সবকিছু নির্ধারণ হবে। তোফায়েল আহমেদ গতকাল শুক্রবার ভোলা সদরের শান্তির হাট বাজারে আওয়ামী লীগ আয়োজিত এক বিরাট জনসভায় প্রধান অতিথির ভাষণদানকালে এসব কথা বলেন। আবি আবদুল্লাহ (টুনু) চৌধুরীর সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা প্রশাসক আবদুল মমিন টুলু, সদর আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদক যথাক্রমে মোশারেফ হোসেন ও নজরুল ইসলাম গোলদার প্রমুখ। এছাড়া তোফায়েল আহমেদ দৌলতখান উপজেলা অডিটরিয়াম চত্বরে অপর এক সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেন।