মৃতের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার অভিযোগ ভিত্তিহীন

সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, সরকার সাভারে নিহতের সংখ্যা কমিয়ে দেখাচ্ছে বলে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন ও দুঃখজনক। তিনি বলেন, সব জায়গায় রাজনীতি খাটে না। আর ‘টানাহেঁচড়ায় রানা প্লাজা ধসে পড়তে পারে’ বলে স্বরাষ্ট্রমন্ত্রীর (ড. মহীউদ্দীন খান আলমগীর) দেয়া বক্তব্য প্রলাপ ছাড়া কিছু নয়, আমি আগেই বলেছিলাম তার কেবিনেটে থাকা উচিত নয়। ঘটনার নয়দিন পর গতকাল শুক্রবার সকালে সাভারে রানা প্লাজার ধ্বংসসূ্তুপ দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে এসব মন্তব্য করেন তিনি। এরশাদ বলেন, দুর্যোগে সব দল একসঙ্গে কাজ করবে, এটাই জাতি আশা করে। এখানে সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থার লোকজন দিনরাত কাজ করে যাচ্ছেন, পরিশ্রম করছেন, তাদের ধন্যবাদ দেয়া উচিত। সেনাবাহিনী এই উদ্ধারকাজে না থাকলে প্রায় আড়াই হাজার শ্রমিককে জীবিত উদ্ধার করা সম্ভব হতো না। স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করে জাপা চেয়ারম্যান বলেন, নিজের দলের লোকজনকে বাঁচাতেই মন্ত্রী এমন কথা বলেছেন। ঐ বক্তব্য দিয়ে মন্ত্রী দেশ ও দলের ক্ষতি করেছেন। এর আগে সকাল ১০টার দিকে সাভার বাজার এলাকায় ঘটনাস্থলে পৌঁছান এরশাদ। এরপর তিনি ধ্বংসস্তুূপ ঘুরে দেখেন। উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী তাকে উদ্ধারকাজ সম্পর্কে ব্রিফ করেন। এরপর এরশাদ সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আহতদের দেখতে যান। এসময় জাপা নেতা কাজী জাফর আহমদ, এবিএম রুহুল আমিন হাওলাদার, জিয়াউদ্দিন বাবলু প্রমুখ তার সঙ্গে ছিলেন।