মেয়র লিটনকে নাগরিক কমিটির সমর্থন

রাজশাহীর সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে আবারো সমর্থন দিয়েছে রাজশাহী নাগরিক কমিটি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মুক্তিযুদ্ধ পাঠাগারে ভাষাসৈনিক আবুল হোসেনের সভাপতিত্বে নাগরিক কমিটির এক সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। গতকাল শুক্রবার রাসিকের বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে মেয়র পদের জন্য মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। এনিয়ে ৩০ এপ্রিল থেকে গতকাল শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ২২ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২ জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। মেয়র পদে মনোনয়নপত্র উত্তোলনকারী অন্যরা হলেন মীর মোজাম্মেল হোসেন ও হাবিবুর রহমান। রিটার্নিং অফিসারের দপ্তর সূত্রমতে, রাসিক নির্বাচনের খসড়া ভোটকেন্দে র (১৩৭টি) তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। উক্ত নির্বাচনে ৩০টি ওয়ার্ডের মোট ভোটার ২ লক্ষ ৮৬ হাজার ৮৮৮ জন। পুরুষ ১ লক্ষ ৪৩ হাজার ৩৮৬ এবং নারী ১ লক্ষ ৪৩ হাজার ৫০২ জন। সভার সভাপতি ভাষাসৈনিক আবুল হোসেন জানান, রাজশাহী নাগরিক কমিটি মনে করে, ২০০৮ সালের ৪ আগস্ট অনুষ্ঠিত রাসিক নির্বাচনে মেয়র নির্বাচিত হয়ে খায়রুজ্জামান লিটন তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। রাসিককে তিনি দলীয়করণমুক্ত রেখে নাগরিকদের আশা-আকাঙ্ক্ষা ও আস্থার প্রতিষ্ঠানে পরিণত করেছেন। ফলে ১৭ কোটি টাকা ঋণের বোঝা পরিশোধের পরও রাসিক সুদৃঢ় আর্থিক ভিত্তির ওপর মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছে। রাত্রিকালীন আবর্জনা অপসারণসহ জনস্বার্থে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নতুন মাত্রা যোগ করেছে। মেয়র লিটনের নেতৃত্বাধীন বর্তমান পরিষদের নাগরিকসেবা ও অবকাঠামোগত উন্নয়নের ফলে রাসিক প্রকৃত অর্থেই নাগরিক সেবার মডেল প্রতিষ্ঠান হিসেবে গণ্য হচ্ছে। নাগরিক কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এএইচএম খায়রুজ্জামান লিটন আগামী ১৫ জুনের রাসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। মেয়র লিটনের পক্ষে কাজ করার প্রস্তুতি হিসেবে নাগরিক কমিটি পুনর্গঠন ও শক্তিশালী প্লাটফরম তৈরির সিদ্ধান্ত হয়েছে। ২০০৮ সালে সেনানিয়ন্ত্রিত সরকারের আমলে অনুষ্ঠিত রাসিক নির্বাচনে বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন নাগরিক কমিটির সমর্থিত প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন।