‘হেফাজতে ইসলামের অবরোধ প্রতিহত করা হবে’

সরকার সমর্থিত ধর্মভিত্তিক সংগঠন ইমাম-ওলামা সমন্বয় ঐক্য পরিষদ ও সম্মিলিত ইসলামী জোট ঘোষণা দিয়েছে আগামীকাল রবিবার হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচি প্রতিহত করা হবে। উভয় সংগঠনের নেতাদের অভিযোগ: হেফাজতের সঙ্গে বিএনপি ও জামায়াতের গোপন বৈঠক এবং লেনদেনের প্রমাণ তাদের হাতে রয়েছে। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও তোপখানা রোডের একটি হোটেলে পৃথক সংবাদ সম্মেলনে সংগঠন দুইটি এ ঘোষণা দেয়। ইমাম-ওলামা সমন্বয় ঐক্য পরিষদের চেয়ারম্যান মওলানা ইসমাইল হোসাইন বলেছেন, তিনি তার সংগঠনের নেতাকর্মীদের আজ শনিবার থেকে লাঠি নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি অভিযোগ করেন, বিএনপি ও জামায়াত মিলে হেফাজতে ইসলামকে ৮৫ কোটি টাকা দিয়েছে। পুরোনো ঢাকা থেকে বোমা তৈরির সরঞ্জাম সারাদেশের কওমি মাদ্রাসায় পাঠানো হয়েছে। তিনি প্রতিটি কওমি মাদ্রাসাকে গোয়েন্দা নজরদারিতে রাখার আহ্বান জানান। তিনি বলেন, দ্রুততার সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে দিয়ে কওমি মাদ্রাসাগুলো তল্লাশি করা প্রয়োজন। তল্লাশি চালানো হলে প্রতিটি মাদ্রাসাতেই বোমা পাওয়া যাবে। সংবাদ সম্মেলনে মাওলানা শাহ ওমর ফারুক, মাওলানা নূর আহাদ আলী, মাওলানা ডা. আল ইমরান, আবদুল আলীম সিরাজী, মাওলানা বশিরুল্লাহ আতহারী প্রমুখ উপস্থিত ছিলেন । দ্বিতীয় সংবাদ সম্মেলনে সম্মিলিত ইসলামী জোটের সভাপতি মাওলানা জিয়াউল হাসান হেফাজতের নেতাদের প্রতি অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান। তিনি বলেন, হেফাজতের নামে প্রকৃতপক্ষে যুদ্ধাপরাধীদের রক্ষার আন্দোলন চলছে। যে ষড়যন্ত্র চলছে তা যে কোন মূল্যে রুখতে হবে। হেফাজতের ১৩ দফার মধ্যে গণমানুষের মৌলিক অধিকার, মানবিক মূল্যবোধ, ইসলামের শ্রেষ্ঠত্ব-সৌন্দর্য প্রকাশের এবং দেশবাসীর মঙ্গল ও কল্যাণের দফা নেই। ১৩ দফা নয়, জাতির জন্য ফরজ কাজ হচ্ছে যুদ্ধাপরাধের বিচার শেষ করা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জোবাইদ আলী, ইঞ্জিনিয়ার আলহাজ্ব আব্দুস সোবহান, মহিব উল্লাহ মোজাদ্দেদী, মাওলানা মোসলেহ উদ্দিন প্রমুখ।