ঢাকায় আসতে নেতা-কর্মীদের বাধা দিচ্ছে সরকার

আগামীকাল রবিবারের পূর্ব-ঘোষিত শান্তিপূর্ণ ঢাকা অবরোধ কর্মসূচি পালন করার আগেই সরকার বিভিন্নভাবে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে হেফাজতে ইসলাম। ঢাকায় আসার পথে প্রশাসন ও সরকার দলীয় লোকজন দিয়ে সংগঠনের নেতাকর্মীদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে তারা গণমাধ্যমকে জানিয়েছে। গতকাল শুক্রবার পুরনো ঢাকার লালবাগে হেফাজতের মহানগর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ঢাকা মহানগর আহ্বায়ক ও নায়েবে আমির মাওলানা নুর হোসাইন কাসেমী। তিনি বলেন, নেত্রকোনা ও কেরানীগঞ্জে হেফাজতের সমাবেশে সরকার ও প্রশাসন বাধা দিয়েছে। তাছাড়া নেতা-কর্মীরা ঢাকায় আসার পথে নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, অবরোধের দিন ঢাকায় সমাবেশ হবে। তবে সমাবেশটি কোথায় হবে সে সিদ্ধান্ত হেফাজতের প্রধান মওলানা শাহ আহমদ শফী ঢাকায় আসার পরই নেয়া হবে। সমাবেশ করার অনুমতি প্রসঙ্গে তিনি বলেন, এক মাস আগে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে অবরোধের সময় সমাবেশ করতে কোনো অনুমতির প্রয়োজন হবে না। তিনি আরো বলেন, হেফাজত জ্বালাও-পোড়াও ভাংচুরে বিশ্বাস করে না। আমরা শান্তিপূর্ণভাবে ঢাকা অবরোধ কর্মসূচি পালন করব। ১৩ দফার দাবিতে আমরা মাঠে নেমেছি। তবে এটি সরকার পতনের কোন আন্দোলন নয়। কিন্তু সরকার এ আন্দোলনকে পদে পদে যেভাবে বাধাগ্রস্ত করছে তাতে তারা নিজেরাই জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে। আমরা ১৩ দফা বাস্তবায়ন করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার দু’দিন আগে বলেছেন, ‘হেফাজতে ইসলাম পিশাচের দল, শয়তানের দল’-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তাদের ব্যাপারে কোন কথা বলতে চাই না। তবে আমরা জানি, ভদ্র মানুষের ভাষা ভদ্রোচিত হয়। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংখ্যালঘু সমপ্রদায়ের ওপরে যে সকল দুর্বৃত্ত বিভিন্ন ছদ্মবেশে হামলা চালিয়েছে তারা হেফাজতে ইসলামের দুশমন। এদের রুখে দাঁড়ানো ঈমানী দায়িত্ব। এই ধরনের ঘৃণ্য কাজ প্রতিহত করে সমাজে শৃঙ্খলা জারি রাখা সরকারের প্রথম কাজ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সরকার সে দায়িত্ব পালন না করে পুরো রাষ্ট্রশক্তিকে ইসলামি জাগরণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। লিখিত বক্তব্যে মাওলানা কাসেমী বলেন, হরতাল ও অবরোধ কর্মসূচি বানচাল করতে সরকার তাদের দলীয় ক্যাডার, ছাত্রলীগ, যুবলীগ এবং প্রশাসনের মাধ্যমে নানামুখি ষড়যন্ত্র ও অপচেষ্টায় লিপ্ত রয়েছে। গত ২৯ এপ্রিল নেত্রকোনায় হেফাজতের কর্মসূচি বানচালে ছাত্রলীগ ও যুবলীগ হামলা চালিয়েছে। কেরানীগঞ্জের উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহীনের লোকজন কোন সমাবেশ করতে দিচ্ছে না। সরকার দেশব্যাপী পরিবহন সংস্থাগুলোকে তাদের গাড়ি না চালানোর নির্দেশ দিয়েছে। অবরোধ কর্মসূচিতে যোগ না দিতে তৌহিদী জনতাকে স্থানীয় আওয়ামী লীগ ও তাদের লোকজন নানাভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। এসবে ভয় না পেয়ে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের তাসবীহ, জায়নামাজ, মিসওয়াক ও শুকনো খাবার নিয়ে আগামীকাল রবিবার ফজরের সময় ঢাকার সবকয়টি প্রবেশপথে শান্তিপূর্ণ উপায়ে অবরোধ শুরু করার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা আব্দুল লতিফ নেজামী, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মঈনুদ্দীন রুহী প্রমুখ।