প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক চাতুরি ছাড়া কিছুই নয়
প্রকাশ : ০৩ মে ২০১৩, ২৩:২১
হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ এবং ১৮ দলীয় জোটের অদ্যকার সমাবেশ স্থগিতে প্রধানমন্ত্রীর আহ্বান নাকচ করে দিয়েছেন তারা। বিএনপি এবং হেফাজতের নেতারা পৃথক প্রতিক্রিয়ায় বলেছেন, সাভার দুর্ঘটনার মধ্যেও প্রধানমন্ত্রী জুলুম-নির্যাতন নিপীড়ন অব্যাহত রেখে বিরোধী দলকে রাজনৈতিক কর্মসূচি বন্ধের আহ্বান জানানো রাজনৈতিক চাতুরি ছাড়া আর কিছু নয়। জনগণ আজ রাজপথে নেমে এসেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ১৮ দলের সমাবেশ সাভারে উদ্ধার কাজে বাধা সৃষ্টি করবে, আমাদের সমাবেশ হবে মাত্র কয়েক ঘন্টার। এটার সঙ্গে উদ্ধার কাজের সম্পর্ক কি? সরকার নিজেই সারাদেশে পরিবহন বন্ধ করে দিয়েছে, তারাই প্রতিবন্ধকতার সৃষ্টি করছেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, সমাবেশ স্থগিত করা নিয়ে প্রধানমন্ত্রীর আহ্বান অযৌক্তিক। সমাবেশের কারণে উদ্ধার তত্পরতা ব্যাহত হবে না। এতদিন পরও উদ্ধার কাজ শেষ না হওয়া জাতির কাছে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ প্রধানমন্ত্রীর প্রদত্ত বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, সমাবেশের অনুমতি দিয়ে তা স্থগিত করার আহ্বান অবান্তর। প্রধানমন্ত্রী গণভবনে বসে সমাবেশ বানচালের ষড়যন্ত্র করছেন। প্রধানমন্ত্রীকে বলব সময় ক্ষেপণ না করে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল করুন তা হলে আমাদের আর সমাবেশ করা লাগবে না। নইলে পরিণতি শুভ হবে না।
এদিকে আগামী ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচি স্থগিতে প্রধানমন্ত্রীর আহ্বান নাকচ করে দিয়ে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতি হতাশ। তার মতো ব্যক্তির মুখে এমন কথা মানায় না।
হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতি মুহাম্মদ ওয়াক্কাস বলেন, আমরা প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দেয়ার তেমন কিছু খুঁজে পাইনি। তার বক্তব্যে জাতি দুঃখিত ও হতাশ হয়েছে। ধর্ম অবমাননাকারীদের দমনে কি আইন আছে, তা আমাদের জানার দরকার নেই। আমরা চাই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে সংসদে আইন পাস করা হোক।
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছি। সাভারের উদ্ধার কাজ ও পুনর্বাসন কাজে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী ১৮ দলীয় জোটের কর্মসূচি স্থগিত করার আহ্বান জানিয়েছেন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সাভারের মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হওয়ার পর ১৮ দলের পক্ষ থেকে কোন রাজনৈতিক কর্মসূচি দেয়া হয়নি। এখনও সরকারের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে সাভার দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি প্রদান, নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, আহতদের চিকিত্সা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করুন।