বাংলাদেশের ইমেজ সঙ্কট কাটাতে রোডম্যাপ নিয়ে কাজ প্রয়োজন
প্রকাশ : ০৩ মে ২০১৩, ২৩:২২
সাভারে ভবনধসের ঘটনায় বিশ্বব্যাপী বাংলাদেশের যে ইমেজ সঙ্কট হয়েছে তা কাটিয়ে উঠতে রোডম্যাপ তৈরি করে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সফরকারী দলের প্রধান গিলবার্ট হংবো। তিনি বলেন, শ্রমিক অধিকার রক্ষা ও কর্মসংস্থলে তাদের নিরপত্তার জন্য একটি কার্যকর ও বাস্তবমুখী রোডম্যাপ দরকার। বাংলাদেশের পোশাক খাতের স্বার্থে তা বাস্তবায়ন করাও জরুরি। এক্ষেত্রে আইএলও যথাসাধ্য সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
গতকাল শুক্রবার রাজধানীর চেম্বার ভবনে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন আইএলও’র সহকারী মহাপরিচালক গিলবার্ট হংবো। বিইএফ সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে সভায় আইএলও প্রতিনিধি দলের সদস্য আন্দে বোগোই, কোয়েন কম্পিয়ার, আমিন আল রেইদাত, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম ও বিকেএমইএ সহ-সভাপতি আসলাম সানিসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গিলবার্ট হংবো বলেন, সামপ্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া একাধিক দুর্ঘটনার প্রেক্ষিতে তিনটি বিষয়কে সামনে নিয়ে বাংলাদেশের এগিয়ে যাওয়া উচিত। প্রথমত: কাজের ক্ষেত্রে শ্রমিকের অধিকার রক্ষা, দ্বিতীয়ত: কর্মস্থলে কাজের পরিবেশ ও নিরাপত্তা এবং তৃতীয়ত: এমডিজি অর্জনে ইতিবাচক পদক্ষেপ অব্যাহত রাখা। এ বিষয়গুলোর ক্ষেত্রে অগ্রগতি অর্জনে জোর তত্পরতা চালানোর পরামর্শ দিয়ে গিলবার্ট বলেন, লক্ষ্যগুলো অর্জনে কার্যকর রোডম্যাপ নির্ধারণ করে এগিয়ে যাওয়া দরকার।
বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, ৫ মাসের ব্যবধানে পোশাক কারখানায় বড় দুটি দুর্ঘটনার কারণে বিশ্বে বাংলাদেশের ইমেজ বড় ধরনের সঙ্কটের মধ্যে পড়েছে। এর প্রেক্ষিতে দেশের পোশাক কারখানায় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সবগুলো কারখানা পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই সবাইকে তাদের বিল্ডিংয়ের নক্শা ও কারখানার সার্বিক পরিস্থিতি সম্পর্কিত রিপোর্ট বিজিএমইতে জমা দিতে বলা হয়েছে। এর মধ্যে কোন বিল্ডিংয়ে ত্রুটি থাকলে সেই ফ্যাক্টরি অতি সত্বর সরিয়ে নেয়া হবে। যদি কেউ ভুল তথ্য দেয় তবে তার সদস্যপদ বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, শ্রমিকদের নিরাপত্তা ও ইমেজ রক্ষাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে। আর আহত ও নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ, চিকিত্সা ও পুনর্বাসনে সবাই মিলে কাজ করার জন্য ইতিমধ্যে বিভিন্ন পরিকল্পনা নেয়া হয়েছে বলে উল্লেখ করেন বিজিএমইএ সভাপতি।
এক প্রশ্নের উত্তরে আইএলও’র সহকারী মহাপরিচালক গিলবার্ট বলেন, আন্তর্জাতিক সংগঠন হিসেবে আইএলও কোন দেশকে চাপ দিতে পারে না, একটি দেশের যা করা প্রয়োজন তা করার সুপারিশ করতে পারে। তাই বাংলাদেশেও শ্রমিক অধিকার রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে আইএলও সুপারিশ করবে। তবে বাংলাদেশের প্রয়োজনে আইএলও যথাসাধ্য কাজ করতে প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে বিইএফ সভাপতি ফজলুল হক বলেন, যাদের অবজ্ঞা ও অবহেলার কারণে সাভার ট্র্যাজেডি হয়েছে তাদেরকে আইনের আওতায় আনার পাশাপাশি এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আইএলও’র পরামর্শ নিয়ে একটি পরিকল্পনা করে সে অনুযায়ী কাজ করতে হবে। তিনি আরও বলেন, এলাকাভিত্তিক টাস্কফোর্স করে সব কারখানার নিরাপত্তা বিবেচনা করে সে অনুযায়ী কাজ করা প্রয়োজন। তবে এক্ষেত্রে বহুতল ভবন ও জনবহুল এলাকার কারখানাগুলোকে প্রাধান্য দেয়া দরকার।