কুষ্টিয়ায় র্যাবের বিরুদ্ধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রকাশ : ০৩ মে ২০১৩, ২৩:২২
কুষ্টিয়ায় র্যাবের বিরুদ্ধে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম ইকবাল হোসেন (২৫)। বৃহস্পতিবার দুপুরে র্যাব-১২ ইউনিটের সদস্যরা শহরের আড়ুয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। রাতে মুমূর্ষু অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। তার শরীরের বিভিন্নস্থানে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে নিহতের পারিবারিক সূত্রে দাবি করা হয়েছে। ইকবাল কুষ্টিয়া শহরের বড়বাজার এলাকার আতিয়ার রহমানের ছেলে।
নিহত ইকবালের বড়ভাই হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার ভাই ইকবালের মৃত্যু হয়। তিনি অভিযোগ করেন, র্যাব-১২-এর সদস্যরা তার ভাইকে ক্যাম্পে নিয়ে বেধড়ক মারপিট করার ফলে ইকবাল অসুস্থ হয়ে পড়ে এবং পরে মুমূর্ষু অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। তার শরীরের বিভিন্নস্থানে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে তিনি অভিযোগ করেন। বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়া র্যাবের ক্যাম্প থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেলা দেড়টার দিকে র্যাবের সদস্যরা শহরের আড়ুয়াপাড়া এলাকার গোরস্থানের পাশ থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ র্যাব ইকবালকে আটক করে। হাসপাতাল সূত্রে জানা যায়, রাত পৌনে ৮টার দিকে র্যাবের সদস্যরা গুরুতর অসুস্থ অবস্থায় ইকবালকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিত্সক আশরাফুল ইসলাম তাকে চিকিত্সা দেন। ডা. আশরাফুল ইসলাম জানান, তার অবস্থা খুব খারাপ ছিল। বিপি-পাল্স কাজ করছিল না। হাসপাতালে ভর্তির ১০ মিনিটের মধ্যেই তিনি মারা যান। পিটুনির চিহ্ন ছিল এমন নোট হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা লিখে রাখেন। পিঠে মারধরের চিহ্ন ছিল বলেও হাসপাতাল সূত্র জানায়। সাংবাদিকরা হাসপাতালে নিহতের ছবি তুলতে গেলে র্যাব সদস্যরা বাধা দেয়। পরে উপস্থিত ম্যাজিস্ট্রেট এস এম জামালের সহায়তায় ইকবালের ছবি ও ভিডিওচিত্র ধারণ করা হয়। ম্যাজিস্ট্রেট লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। তবে ম্যাজিস্ট্রেট ও কুষ্টিয়া মডেল থানার পুলিশ কোন তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন। এদিকে নিহত ইকবালের মা হাসিনা রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলের বিরুদ্ধে কোনো মামলা নেই। ছেলেকে র্যাব অন্যায়ভাবে হত্যা করেছে।’ কুষ্টিয়া মডেল থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, ইকবালের বিরুদ্ধে থানায় কোন অভিযোগ বা মামলা নেই। কুষ্টিয়া র্যাব-১২ ক্যাম্পের কর্মকর্তা ক্যাপ্টেন মোসাদ্দেক ইবনে মুজিব বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে জানান, সন্ধ্যার দিকে ইকবাল অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।