জামায়াতের ষড়যন্ত্র মোকাবিলায় সরকার পদে পদে ব্যর্থ
প্রকাশ : ০৩ মে ২০১৩, ২৩:২২
জামায়াতের বহুমাত্রিক ষড়যন্ত্র মোকাবিলায় সরকার পদে পদে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির। গতকাল ধানমন্ডির ডাব্লিউভিএ মিলনায়তনে শহীদ জননী জাহানারা ইমামের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ‘জাহানারা ইমামের গণ আদালত থেকে গণজাগরণ মঞ্চ’ শীষক এই আলোচনা সভার সভাপতিত্ব করছিলেন তিনি।
তিনি আরও বলেন হেফাজতে ইসলামের ১৩ দফা সংবিধান পরিপন্থি। এই দফাগুলোর একটিও আমাদের রাষ্ট্র ও সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ নয়। সরকার সেই ১৩ দফাকে বিবেচনার কথা বলছে। আর স্বাধীনতার চেতনায়, শহীদ জননী জাহানারা ইমামের আদর্শে উদ্বুদ্ধ ব্লগারদের আটক করছে ধর্ম অবমাননার দায়ে। এটা জামায়াতের ষড়যন্ত্র। জামায়াত স্বভাবসুলভভাবে ধর্মকে ব্যবহার করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি সাক্ষী-সুরক্ষা আইনের প্রয়োজনীয়তার কথা ও উল্লেখ করে বলেন এই আইনের অভাবে সাক্ষীর উপরও আঘাত এসেছে। তিনি আরও বলেন, ২০১০ সালে যে হেফাজতে ইসলাম নারী নীতি বানচাল করতে মাঠে নেমেছিল, আজ তারা জামায়াতকে হেফাজত করতে মাঠে নেমেছে। তিনি বলেন, হেফাজতের ১৩ দফা বাংলাদেশকে পাকিস্তান বানানোর অপচেষ্টা। হেফাজতের দাবির কারণেই সরকার ব্লগারদের আটক করছে। ব্লগাররা নাস্তিক না আস্তিক তা প্রমাণ করতে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তাতে জামায়াতের দু’জন আছে অথচ আমাদের প্রস্তাব করা আইটি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার ও অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালকে সেখানে রাখা হয়নি।
এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন জাহানারা ইমামকে শ্রদ্ধা জানাতে হলে আমাদের তার আরদ্ধ কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা ফারুখ মোহাম্মদ। তিনি বলেন এই সরকার কোন ভয়ে ভীত নয়। তারা যুদ্ধাপরাধিদের বিচারে নেমেছেন, বিচার সম্পন্নও করবে। অনুষ্ঠানে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাদিয়া নন্দিতা ইসলাম বক্তব্য রাখেন। তিনি জাহানারা ইমামের শেষ চিঠি পড়ে শোনান। যেখানে শহীদ জননী জীবনের শেষদিন পর্যন্ত ঘাতকদের বিচারের দাবিতে রাস্তায় থাকার অঙ্গিকার করেন এবং ক্যান্সারে মারা যাওয়ার আগ পর্যন্ত আন্দেলন করে যান। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গণ আদালতের বিচারক লে. কর্নেল আবু ওসমান চৌধুরী, শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, কামাল লোহানী প্রমুখ।