হেফাজতকে অবরোধ তুলে নেয়ার আহ্বান জানাল এফবিসিসিআই

হেফাজতে ইসলামীর আগামীকালের ঢাকা অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। গতকাল শুক্রবার এফবিসিসিআইয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। প্রধান দুই দলের মধ্যে সংলাপের সুযোগ সৃষ্টি হওয়া ও সাভারে দুর্ঘটনাকবলিত রানা প্লাজায় উদ্ধার তত্পরতা স্বাভাবিক গতিতে চালিয়ে নিতে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা প্রয়োজন বলে সংগঠনটি মত প্রকাশ করেছে। সংগঠনের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ লিখিত বক্তব্যে বলেন, আজ শুক্র অথবা শনিবারের মধ্যে সরকারের পক্ষ থেকে বিরোধী দলকে সংলাপের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে। এটি অত্যন্ত দূরদৃষ্টিসম্পন্ন সিদ্ধান্ত। এই ইতিবাচক রাজনৈতিক পরিবেশের জন্য ঢাকা অবরোধ কর্মসূচি সহায়ক হবে না। বরং এটা অর্থনীতির জন্য নতুন করে সংকটের সৃষ্টি করবে। তিনি বলেন, এ দেশের ৯০ ভাগ মানুষ মুসলমান। ইসলামকে রক্ষা করা এবং একে পরিপূর্ণভাবে সমুন্নত রাখা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য। সাভার দুর্ঘটনার পর ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের জিএসপি সুবিধা প্রত্যাহার হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, আমরা দুই- একদিনের মধ্যেই তাদের সঙ্গে বসব। সংকট সমাধানে তাদের সঙ্গে কাজ করব। তাদের প্রতি আহ্বান জানাব, যাতে কোন কঠিন শর্ত আরোপ করা না হয়। রানা প্লাজার শ্রমিকদের জন্য তহবিল করছে বিএবি সাভারের রানা প্লাজায় দুর্ঘটনা কবলিত শ্রমিক ও তাদের পরিবারকে সহায়তা করার জন্য ১০০ কোটি টাকার একটি তহবিল গঠন করছে ব্যাংকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএবি)। এ তথ্য জানিয়ে এফবিসিসিআই সভাপতি ও স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম বলেন, আমরা তাদের সহায়তার জন্য ব্যাংক থেকে কমপক্ষে ১০০ কোটি টাকা তোলার ব্যবস্থা করছি। এই টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়া হবে। এছাড়া নিহতদের পরিবারের সন্তানরা শিক্ষিত হলে এবং আহতদের (অঙ্গহানি হলেও) বিভিন্ন ব্যাংকে চাকরি দেয়া হবে। সাভারের দুর্ঘটনা কবলিত শ্রমিকদের জন্য এফবিসিসিআইয়ের অধীনে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তহবিল গঠন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে এফবিসিসিআই সমন্বয়কের ভূমিকা পালন করবে। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি মনোয়ারা হাকিম আলী, সহসভাপতি হেলাল উদ্দিন, সাবেক সভাপতি এ কে আজাদ ও বিকেএমইএ’র সভাপতি সেলিম ওসমান প্রমুখ।