রমজানে উদ্ভাবনী ডিজিটাল অনুদান সেবা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

পবিত্র রমজান মাসে গ্রাহকরা যাতে সহজেই দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারেন এ জন্য একটি উদ্ভাবনী ডিজিটাল সেবা এনেছে রবি। সেবাটির মাধ্যমে দেশে প্রথমবারের মতো ডিজিটাল উপায়ে যাকাত ও সদকা প্রদান করতে পারবেন রবির গ্রাহকরা। জনপ্রিয় সমন্বিত ইসলামিক লাইফস্টাইল অ্যাপ নূর ব্যবহার করে গ্রাহকরা নির্ভরযোগ্য কয়েকটি দাতব্য সংস্থায় এ অনুদান প্রদান করতে পারবেন।

অনলাইন যাকাত ও সদকা ফিচারের পাশাপাশি রবি বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় দেশে প্রথমবারের মতো চালু করতে যাচ্ছে ডিজিটাল ইফতার ভেন্ডিং মেশিন—‘আমার ইফতার’। এর মাধ্যমে রমজান মাসজুড়ে ইফতার পাবে পথশিশু এবং সমাজের সুবিধা বঞ্চিত বয়স্ক ব্যক্তিরা।

রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের উপস্থিতিতে অনন্য এই উদ্যোগটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সেক্রেটারি এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভুঁইয়া, এনডিসি ও রবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ । 

এনবিআরের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভুঁইয়া, এনডিসি বলেন, ‘অ্যাপসের মাধ্যমে সাধারণ মানুষের দান-অনুদানের যে মহত্ উদ্যোগ রবি নিয়েছে সে জন্য তাদেরকে ধন্যবাদ। এমন মহতি উদ্যোগের প্রচারের দায়িত্ব প্রাথমিকভাবে রবির হলেও একই সঙ্গে গণমাধ্যম ও যে পাঁচটি প্রতিষ্ঠান এই অনুদান পাবে তাদেরকেও এ দায়িত্ব নিতে হবে।’

রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘ডিজিটাল জীবনধারা মানে শুধু বিনোদন বা সময়ের অপচয় নয়। এটি জীবনের মহত্ উদ্দেশেও ব্যবহূত হতে পারে। প্রয়োজন শুধু কল্পনা শক্তি ও উদ্ভাবনী উদ্যোগ। আমি খুবই গর্বিত যে রবি এ উদ্যোগের মাধ্যমে এই উভয় দিকের সঠিক সমন্বয় করতে পেরেছে। যাকাত, সদকা বা বিনামূল্যে ইফতার যাই হোক না কেন-এর মাধ্যমে পবিত্র রমজান মাসে ডিজিটাল উপায়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন রবির গ্রাহকরা।’