আইপিও, প্লেসমেন্ট ও বোনাস শেয়ারের আইন সংশোধনে কমিটি

ইত্তেফাক রিপোর্ট

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) স্থির মূল্য এবং বুক বিল্ডিং পদ্ধতি, প্লেসমেন্ট, আইপিও পরবর্তী সময়ে বোনাস শেয়ার ইস্যু ও দুই শতাংশ এবং ৩০ শতাংশ শেয়ার ধারণ সংক্রান্ত বিধিমালা ও নোটিফিকেশন সংশোধনে দুইটি কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বিএসইসির ৬৮৫তম সভায় এ কমিটি গঠন করা হয়েছে। কমিটি দুটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে একটি প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

দুটি কমিটি একটির প্রধান করা হয়েছে নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদকে। অন্যটির প্রধান করা হয়েছে নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলামকে।

ফরহাদ আহমেদকে প্রধান করে গঠন করা কমিটির সদস্য হলেন ছয়জন। অন্যদের মধ্যে আছেন সদস্য সচিব উপ-পরিচালক শেখ লুত্ফর কবির। সদস্যরা হলেন- নির্বাহী পরিচালক রুকসানা চৌধুরী, পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, রিপন কুমার দেবনাথ, মো. মনসুর রহমান। আর মো. আনোয়ারুল ইসলামকে প্রধান করে করা কমিটির সদস্য হলেন চারজন। অন্যদের মধ্যে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন উপ-পরিচালক মো. নজরুল ইসলাম। বাকি সদস্যরা হলেন- পরিচালক রিপন কুমার দেবনাথ, মো. মনসুর রহমান।