‘আমার মায়ের জীবনে’
প্রকাশ : ০৫ মে ২০১৩, ১৯:৪২
বয়স ৮৪ বছর। ভারতবর্ষ ভাঙ্গার আগের বছর অর্থাত্ ১৯৪৬ সালে মোসলেমা খাতুন ৫ম শ্রেণিতে সরকারি বৃত্তিটা পেয়ে যান। আর সেই বছরই ১২ বছর বয়সে বিয়ে হয় চাকুরে বরের সাথে। পারিবারিক সিদ্ধান্তে পড়াশোনা আর এগোয়নি। তার তিন বছর পর স্বামী যখন কাজের জন্য সদ্যবিভক্ত পশ্চিম পাকিস্তানের লাহোরে তখন তিনি চলে যান তার পাশে। সেবছরই আসে মোসলেমা খাতুনের প্রথম সন্তান। তারপর একে একে ঘর আলোকিত করে সাত ছেলে আর এক মেয়ে জন্ম নেয়। তারা এখন কে কোথায়? প্রশ্ন করতেই ৮৪ বছর বয়সের জড়ানো তবু সবল কণ্ঠে বলতে থাকেন, আমার ৮ ছেলে-মেয়ের প্রত্যেকেই নিজের নিজের জায়গায় অনেক উপরে অবস্থান করছে। ওরা সকলেই খুব ভালোভাবে প্রতিষ্ঠিত। মনে করতে করতে, পাশের কক্ষের নাতনিকে জিজ্ঞেস করে ভাঙ্গা ভাঙ্গা স্বরে একটা গর্বিত বিশ্বাসে বলে যান সফল সন্তানদের কথা। সন্তানের সুখে মায়েরা এমনই উচ্ছ্বল হয় বুঝি! স্বামী চাকরি সামলিয়ে সময় দিতে পারতেন না খুব একটা। রাত-দিন তাঁকেই হাড় খাটুনি খেটে একটু একটু করে বড় করতে হয়েছে ছেলে-মেয়েকে। এতবড় সংসার! প্রতিষ্ঠা পেয়েছে আট ছেলে-মেয়ে। ‘ছেলেরাও অবাধ্য হয়নি’ জানান মোসলেমা খাতুন। এতদূর এসে কেমন আছেন আপনি? প্রশ্নের আগেই বলতে থাকেন, ‘আল্লাহ ভালো রেখেছে। চাওয়ার কিছু নাই। আমি তৃপ্ত। ওদের কাছ থেকে কখনো অবহেলা পাইনি, প্রয়োজনের সবটাই দিচ্ছে ওরা। মা বলতেই পাগলপ্রায়। কিছু চাইতে হয় না। ওরাই দরকারি সব এনে দেয়। যতটা দেয় এতটা লাগেও না আমার। মোসলেমা খাতুন বলেন, ‘আমার আটটা মানিক, সবাই মানুষ হইছে মানুষের মতো, ভালো আছে আর কী চাইব?’ অবসর যতটুকু ততটুকু পত্রিকা পড়েন, টিভি দেখেন, ছেলেদের ঘরে, বাহিরে হাঁটতে যান, মাঝে মাঝে নাতি-নাতনিদের সাথে বেড়াতে যান এখানে-সেখানে, বাসায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ শেষে জায়নামাজে বসে মোসলেমা খাতুন তসবিহ জপেন। প্রৌঢ়তায় এমন নির্ভার নিশ্চিন্ত সুখের সান্নিধ্য বিরল। তাই অন্যকিছু নয়, সুস্থতা আর সন্তানদের সংস্পর্শেই মোসলেমা খাতুন পাড়ি দিতে চান জীবন ঘাটের শেষ প্রহরগুলো...।
বয়স হয়েছে। শেষ হয়নি পথচলা। ১৯৮৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণে স্নাতকোত্তর সম্পন্ন করে শুরু করেন শিক্ষকতা। সেই থেকে মানুষ গড়ার কারিগরের শ্রম চলছে। ক্লান্তি এসে কখনো কখনো থামিয়ে দিতে চেয়েছে গতিপথ। থামেননি নাজমা বেগম। ১৯৮১তে এইচএসসি করার পর পর অনার্স চলাকালিন সময়েই বিয়ে হলে সাংসারিক চক্রগাড়ি নিতে হয় কাঁধে। স্বামী, শ্বশুরালয়, স্বজন-পরিজন আর পড়াশোনা এক রেখায় টানতে গিয়ে হাঁপিয়ে ওঠেও হাঁপিয়ে ওঠেন না তিনি। মনে মনে পণ করেন, ‘আর যাই হোক এগিয়ে যেতে হবে।’ ১৯৮৭ সালে জন্ম দেন প্রথম সন্তান। নারীর সব কূল রয় না কিন্তু নাজমা বেগমরা তা পেরেছেন। সবাইকে নিজের শ্রম, ব্যবহার আর নিষ্ঠার ধৈর্যে নমনীয় করে শেষ করেন বিশ্ববিদ্যালয়ের শেষ পাঠ। এবার সংসার, সন্তান, চাকরি! কোন দিকে যাবেন এখন! সর্বোচ্চ ডিগ্রী নিয়ে জীবন ক্যারিয়ার নাকি একমাত্র সন্তানের সুষ্ঠু ভবিষ্যত্? সন্তানকে মানুষ করার জন্য অনেক ভালো কাজের সুযোগ বিসর্জন দিয়েছেন। সন্তান এখন স্বাবলম্বী, সংসার পেতেছে জাগতিক নিয়মে। গ্রামীণফোনে আছে, তার স্ত্রী বাংলাদেশ ব্যাংকে। দুজনেই কর্মকর্তা। অফিস থেকে বাসায় যাতায়াত করতে ওদের কষ্ট হয়। তাই অফিসের কাছেই বাসা নিয়েছে। আমিই বলেছিলাম বাসা নিতে। কথাগুলো বলার সময় তার চোখ ঝাঁপসা হয়ে ওঠে। ওরা প্রায়ই আসে। ফোনেও কথা হয়। যে সন্তানের জন্য আপনি একদিন ভালো কোনো চাকরিতে গেলেন না সে সন্তান আপনার দূরে না গেলে কি হতো না? হয়তো হতো, হয়তো হতো না। পৃথিবীর নিয়মেই নিয়ম ভাঙ্গে নিয়ম গড়ে। একান্নবর্তী সংসার আজ আর নেই, হয়েছে একক সংসার। একা থাকতেই যেনো স্বাচ্ছন্দ্য বোধ করে এখনকার ছেলে-মেয়েরা। স্বরে চেপে রাখতে পারেন না একাকিত্বের একটা সুর।
চোখ স্থির। মুখে কোনো কথা নেই। তাকিয়ে আছেন টিভির দিকে। প্রবীণ হিতৈষী বৃদ্ধাশ্রমের কমোন রুম। প্রায় একঘণ্টা পর আমার নাম জানতে চাইলেন, নিজের নাম বললেন না। কথা শুরু। এই বৃদ্ধাশ্রমে এসেছেন ৪ বছর আগে। কেমন আছেন জানতে চাইলেই কবিতার ভাষার মতো বললেন, ‘কী লাভ জেনে! আমার কেউ নেই। সবার সব কিছু থাকে না। থাকতে হবে কেনো? থাকলে এই বৃদ্ধাশ্রম চলবে কি করে...।’ বলেই আবার জানান, দুই মেয়ে সন্তান ছিল; প্রথমজন মারা গেছে, দ্বিতীয়জন আছে। প্রথম কন্যা জন্মের দুই বছর বয়সে মারা যায় অসুখে। তার দু’বছরের মাথায় স্বামী চলে যান না ফেরার দেশে। এক বছরের দ্বিতীয় কন্যাকে নিয়ে অসীম উপায়হীনতায় শুরু হয় অকূলে সাঁতার। নিজের এসএসসি সার্টিফিকেটের বদৌলতে একটা প্রাইভেট চাকরি জুটিয়ে নেন। অভাবে একমাত্র মেয়ের পড়াশোনা খুব সম্ভব হয়নি। এখন সে কোথায়? এমন প্রশ্নে জানান, সচ্ছল ইঞ্জিনিয়ার ছেলের সাথে মেয়ের বিয়ে হয় তার রূপের গুণেই। সংসার ছেলে-মেয়ে নিয়ে আছে এই শহরেই। এরপর কিছুক্ষণ চুপ করে থাকেন। বলিরেখার গাল বেয়ে নোনা জল নেমে আসে বুুকের কাছে। বলতে থাকেন, কোথাও জায়গা পাই নাই। মিষ্টি মিষ্টি কথা কয় সবাই, কাজের বেলায় ফাও! নিরন্তর চেষ্টা করেছেন উপায়ের, পথ খুঁজেছেন একটা অবলম্বনের, পাথর পৃথিবী দেয়নি ছায়া।
সেই সময় নেই। কিন্তু তার স্মৃতি আজও জড়িয়ে আছে গোটা সময়ের সাথে...। স্বামী ফয়জুর রহমান আহমেদ-পুলিশ অফিসার, মুক্তিযুদ্ধে শহীদ হন। ১৯৭১ সালে পিরোজপুরে থাকাকালীন পাকিস্তান সেনাবাহিনীর হাতে তাঁর স্বামীর মৃত্যুর পর তাকে এক ভয়ংকর সময়ের মুখোমুখি হতে হয়। অনেক সংগ্রাম, চড়াই উতরাই, আত্মগোপন করে থাকতে হয় এখানে-ওখানে। সময়ের সাথে, পরিবেশের সাথে, অবস্থা-অবস্থানের সাথে নিরস্ত্র যুদ্ধ করতে হয় লাগাতার। তবু এতটুকু বিচলিত হননি। এতটুকু দুর্বল হননি। সাহসে বেঁধেছেন বুক। স্থির থেকেছেন আদর্শের কাছে। সাগর গভীরে যখন সবকিছু তখন তীর খুঁজেছেন পাগল প্রায়। ফিরেছেন চেনা চেনা বহু দ্বারে, নিরাস হয়েছেন কখনো আবার ঠাঁই পেয়েছেন অনেক অচেনা দ্বারে। ক্লান্ত পরিশ্রান্ত হয়ে দাঁড়াতে চেয়েছেন সাবালক নাবালক ছেলে-মেয়ে নিয়ে, দাঁড়াতেই পিছলে গেছে পা বার বার। কেউ হাত বাড়িয়ে দিয়েছে, কেউবা নিয়েছে সরিয়ে। কিন্তু সেই অভাব-অনটন প্রতিকূল প্রতিবন্ধকতা বুঝতে দেননি কোনো ছেলে-মেয়েকে। স্বামীকে হারিয়ে, কঠিন সময়েও ধৈর্যের সাথে হাসি হাসি মুখে সন্তানদের নিয়ে কাটিয়েছেন ’৭১-এর ক্রান্তিকাল। রাহুর নিকষ কেটে যায়নি পরেও। স্বাধীনতার পর ছেলে-মেয়ে নিয়ে এই ঢাকায় এসে সম্পূর্ণ অনিশ্চিত আরেকটি জীবন শুরু করেন আয়েশা ফয়েজ। সম্মুখীন হন আরেক যুদ্ধের। বেঁচে থাকার যুদ্ধ! সন্তানদের মানুষ করার যুদ্ধ! বাংলাদেশে সহায়-সম্বলহীন আয়েশা ফয়েজ বুক আগলে ছেলে-মেয়েকে রক্ষা করেন,মানুষ করেন। তাঁর ছয় ছেলে-মেয়ে। বাংলা সাহিত্যের রাজপুত্র প্রয়াত হূমায়ূন আহমেদ, সুফিয়া হায়দার, বরেণ্য লেখক মুহম্মদ জাফর ইকবাল, মমতাজ শহীদ, কার্টুনিস্ট আহসান হাবীব ও রোখসানা আহমেদ।