এই উপমহাদেশের প্রথমারা

বাংলাদেশের প্রথম নারী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জন্ম ১৯৬৬ সালে ৬ অক্টোবর ঢাকায়। তার বাবা রফিকউল্লাহ চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব এবং মা অধ্যাপক নাইয়ার সুলতানা বাংলাদেশ কর্মকমিশনের সদস্য ছিলেন। নানা সিকান্দার আলী ছিলেন পূর্ব পাকিস্তান হাইকোর্টের বিচারপতি। ১৯৮৩ সালে এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ড থেকে মানবিক বিভাগে সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন। ১৯৮৫ সালে মানবিক বিভাগে সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান নিয়ে এইচএসসি পাস করেন। ১৯৮৯ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং ১৯৯০ সালে এলএলএম ডিগ্রি গ্রহণ করেন। ২০০০ সালে এসেক্স ইউনিভার্সিটি ‘রাইট টু লাইফ’ অভিসন্দর্ভের জন্য তিনি পিএইচডি লাভ করেন। শিরীন শারমিন ১৯৯২ সালে বার কাউন্সিল আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন। ১৯৯৪ সালে হাইকোর্ট বিভাগ ও ২০০৮ সালে আপিল বিভাগে অন্তর্ভুক্ত হন। শিরীন শারমিন ২০০৩ সালে বাংলাদেশ বার কাউন্সিল লিগ্যাল ডিভিশনের এডিটর ছিলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ল’ অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের নির্বাহী কমিটি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য তিনি। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় এলে শিরীন শারমিনকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য করা হয় এবং এরপরে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। তার সময়েই নারী উন্নয়ন নীতিমালা পাস হয়েছে। ২০০৯ সালের ৩ জুন ভারতের দলিত সমপ্রদায়ের মীরা কুমার সর্বসম্মতিক্রমে লোকসভার স্পিকার নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন। কারণ তিনি ভারতের সংসদে প্রথম নারী স্পিকার। মীরা কুমার ১৯৪৫ সালের ৩১ মার্চ বিহারে প্রখ্যাত এক রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। ৬৬ বছর বয়সী কংগ্রেস নেত্রী মীরা এক সময় ভারতের পররাষ্ট্র বিভাগে কাজ করতেন। তার রাজনৈতিক জীবন বেশ বর্ণাঢ্যময়। সর্বশেষ লোকসভা নির্বাচনে তিনি বিহারের সাসারাম আসন থেকে বিজয়ী হন। পরপর পাঁচবার ভারতের জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়া মীরা কুমার ১৯৮৫ সালে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মাধ্যমে সক্রিয় রাজনীতিতে যোগদান করেন। মীরা কুমার সামাজিক বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রণালয়ের কেবিনেট মন্ত্রীর দায়িত্বও পালন করেন। তিনি প্রয়াত নেতা জগজীবন রামের কন্যা। তার বাবা ভারতের উপ-প্রধানমন্ত্রী ছিলেন। ডা. ফাহমিদা মির্জা পাকিস্তানের ন্যাশনাল এ্যাসেম্বলির আঠারতম স্পিকার নির্বাচিত হন ২০০৮ সালের ১৯ মার্চ। সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার আগে তিনি ২০০২ এবং ২০০৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি পাকিস্তান এবং কোনো মুসলিম দেশের প্রথম নারী স্পিকার। তার জন্ম ১৯৫৬ সালের ২০ ডিসেম্বর। রাজনৈতিক পরিবারে জন্ম নেয়া ডা. ফাহমিদা মির্জা পড়াশুনা করেছেন সিন্ধুর লিয়াকত মেডিক্যাল কলেজে। তার বাবা কাজী আব্দুল মজিদ এবং চাচা মো. আকবর সিন্ধু প্রদেশের মন্ত্রী ছিলেন। আর দাদা সিন্ধু মিউনিসিপ্যালিটির প্রেসিডেন্ট ছিলেন। সুতরাং পরিবার থেকেই রাজনীতিতে হাতেখড়ি হয় তার। রাজনীতির পাশাপাশি ব্যবসা এবং ডাক্তার হিসেবে তার বেশ সুনাম আছে সে দেশে। ১৯৯৭ সালে পাকিস্তার পিপলস পার্টিতে যোগদানের মাধ্যমে পাকিস্তানের সক্রিয় রাজনীতিতে যোগদান করেন। তার রাজনৈতিক দর্শন গণতান্ত্রিক সমাজতন্ত্র।