প্রথম স্পিকার এবং পরিবার

জাতীয় সংসদের স্পিকারই যে হবেন এমনটা তার চিন্তায় ছিল না। তবে রাজনীতি করে নিজের একটা শক্তিশালী অবস্থান তৈরি করতে চাইতেন সবসময়। চাইতেন মানুষের জন্য কাজ করার জায়গাটা একটু পোক্ত করতে। তিনি এই চিন্তাকে শুধু ভাবনার মধ্যেই সীমাবদ্ধ রাখেননি। পরিশ্রম করে গেছেন নিরলস। জাতীয় সংসদের অভিভাবক তথা স্পিকার হিসেবে নির্বাচিত হয়ে গড়েছেন রেকর্ড। আমরা বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কথা বলছি। একজন নারীর স্পিকার হওয়ার পথের চড়াই-উত্রাই নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমার মা অধ্যাপক নাইয়ার সুলতানা ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে এমএসসি পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেন। পরে সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে কাজ করেন। বাবা রফিকুল্লাহ চৌধুরী ১৯৫২ সালে ছাত্রলীগের প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন। তাই মা-বাবার কাছ থেকে আমাদের শিক্ষাটা হয়েছে অন্যরকম। আমরা দুই বোন মনে করতাম, নারী মানেই পড়াশুনা করে বসে থাকা নয়, নিজের একটা স্বতন্ত্র পরিচয় হবে। এমন শিক্ষা আমি আমার পরিবার থেকেই পেয়েছি। আমাদের রাজনীতি সম্পর্কে অনেক নেতিবাচক প্রচারণা থাকলেও অত্যন্ত মেধাবী হয়ে আইন ও রাজনীতির সাথে জড়ান নিজেকে। শিরিন শারমিন জানান, ‘আমার মা-বাবা সবসময় পড়াশুনাটা ঠিক রাখতে বলতেন। পড়াশুনা ঠিক রেখে কোনো কাজে বাধা দিতেন না। চেষ্টাও করেছি।’ আইন পেশা নারীর জন্য বেশ চ্যালেঞ্জের। কারণ এখানে কাজের কোনো টাইম টেবিল নেই। অনেক সময় দেখা যায়, অনেক রাত অবধি কাজ করতে হয়। সিরিয়াসলি না নিলে যেমন আইন পেশায় সফল হওয়া যায় না তেমনি রাজনীতিতেও একই রকম পরিশ্রম না করলে নিজের অবস্থান করা যায় না। কাজ ও পরিবার কাজকে যেমন সহজভাবে নেয়া যায় না তেমনি পরিবারকে অবহেলার অবকাশ নেই—বলেন শিরিন শারমিন চৌধুরী। ১৯৯১ সালে ফার্মাসিস্ট সৈয়দ ইশতিয়াক হোসেনের সাথে তার বিয়ে হয়। পারিবারিকভাবে জানাশোনা থাকলেও বিয়েটা তাদের নিজেদের পছন্দেই হয়। বিয়ের পর একজন আইনজীবী হিসেবে যেমন ভালো করার চ্যালেঞ্জ ছিল তেমনি সংসার সামলানোও ছিল জরুরি। তাই প্রথম থেকেই ব্যালেন্স করে কাজ করেছেন। ২০০১ সাল থেকে দলের মামলাগুলো নিয়ে তার ব্যস্ততা অনেক বেশি বেড়ে যায়। তিনি বলেন, নারী হয়ে কাজে কমেপ্রামাইজ করা যাবে না। তাহলেই পিছিয়ে পড়তে হবে। তবে কাজ শেষে বাড়ি ফিরলে আমার কাজের বুয়ার থেকে সন্তানদের দায়িত্ব আমিই নিয়েছি। আমিও সারা দিনের ব্যস্ততা শেষে তাদের কাছে এসে তাদের শূন্যতা পূরণের চেষ্টা করেছি। বাড়ির বাজারের কথাও আমাকেই ভাবতে হয়েছে। বাড়ির টুকিটাকি কোনোকিছু ফুরিয়ে গেলে বাজার থেকে সেটা আনাতে হবে—সেটাও আমাকেই খেয়াল করতে হয়েছে। এটাই একজন কর্মজীবী নারীর জীবন। তবে আমার বাবা-মা আমাকে সেভাবেই সাহায্য করেছেন। বিয়ের পর স্বামী, শ্বশুর, শাশুড়ি সমান সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। শিরিন শারমিন বলেন, যখন কমনওয়েল্থ স্কলারশিপ নিয়ে ইংল্যান্ডে পড়তে যাই তখন শ্বশুরই সব থেকে বেশি উত্সাহ দিয়েছেন। তিনি আমাকে বলেছেন, ‘আমার ছেলেদের পিএইচডি না থাকলেও মেয়ের থাকবে।’ আসলে সহযোগিতা পরিবারের সকলেই করতে হবে। সন্তান ও স্বামী কর্মব্যস্ত জীবন ও পারিবারিক দায়িত্বের ভারসাম্য রক্ষার দায় সমানভাবেই পালন করেছেন তিনি। শিরিন শারমিন চৌধুরী ও সৈয়দ ইশতিয়াক দম্পতির দুই সন্তান। বড় সন্তান মেয়ে ১৮ বছরের লামিসা শিরিন হোসেন ভারতের পুণতে ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজের শিক্ষার্থী এবং ছোট সন্তান ১০ বছরের ছেলে সৈয়দ ইবতেশাম রফিক হোসেন পড়াশুনা করছে সানবিম স্কুলের তৃতীয় শ্রেণিতে। শিরিন শারমিন বলেন, আমি ওদের মা হিসেবে যতোটুকু সময় দেয়া উচিত ছিল তা দিতে পারিনি। সারাদিন ব্যস্ত থাকতে হয়েছে। তারপর বাসায় ফিরে সব ক্লান্তি দূরে ঠেলে তাদের কাছে থাকার চেষ্টা করেছি। চাপটা যেমন আমার উপরে পড়েছে তেমনি ওরাও কখনো আমার এই ব্যস্ততা নিয়ে অভিযোগ করেনি। আমাদের সব থেকে ভাল সময় কাটে যখন আমরা পরিবারের চারজনই একসাথে থাকি। আমার ছেলে-মেয়েকে বড়ো করতে আমার মা আমাকে ভীষণরকম সাহায্য করেছেন। সাবেক নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং সংসদের স্পীকারের দৃষ্টিতে নারী আমাদের চারপাশে যা দেখছি আর এই চার বছর মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে একটা বিষয় দারুণভাবে উপলব্ধি করেছি; বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়ায় আমাদের দেশের নারীদের জুড়ি মেলা ভার। জীবন সংগ্রামে টিকে থাকার জন্য তারা নিজেরাই এই শক্তি অর্জন করেছেন। প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে উচ্চ শ্রেণি পর্যন্ত সকলেই কিন্তু তাদের নিজেদের জায়গা নিজেরাই তৈরি করেছেন। হয়ত সরকারি কিংবা বেসরকারি পর্যায়ে সহযোগিতা আছে। কিন্তু সহযোগিতা গ্রহণ করে এগিয়ে যাচ্ছেন নিজেদের ক্ষমতাবলে। শীর্ষপদে নারী এবং তার সংসার একজন শীর্ষপদস্থ নারী তার সংসারের ব্যাপারে উদাসীন এমন ধারণা সম্পর্কে বলেন—সংসারে আমি একজন স্পীকার না, একজন গৃহিণী, বধূ, মা। একজন নারীর উচ্চপদ যাতে তার সংসারে দ্বন্দ্ব সৃষ্টি করতে না পারে সে বিষয়ে যেমন তাকে সতর্ক হতে হবে তেমনি পরিবারের সকলকেও তার অবস্থা এবং কাজের চাপ বিবেচনা করতে হবে। ব্যক্তি শিরিন শারমিন চৌধুরী সম্পর্কে স্বামী ব্যক্তি শিরিন শারমিন চৌধুরী সম্পর্কে স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন বলেন, শিরিন সংসার ও কাজে সমান গুরুত্ব দিয়ে সবাইকে নিয়ে করে। তার মধ্যে এই ক্ষমতাটা আছে। আমি দেখেছি দলের মামলাগুলো চালিয়ে নিতে সে যেমন সকাল ৭টা থেকে রাত দুইটা পর্যন্ত কোর্টে কঠোর পরিশ্রম করেছে তেমনি সুযোগ পেলেই রান্নাঘরে গিয়ে আমার কিংবা ছেলেমেয়েদের পছন্দের খাবার রান্না করেছে। আমাদের সকলের চাহিদার মূল্য দিয়েছে, ফোনে প্রতিদিন কয়েকবার করে মেয়ের খোঁজ-খবর নিয়েছে। মা, স্ত্রী, কন্যা এবং ছেলের বউ সব ক্ষেত্রেই নিজের দায়িত্বগুলোকে কখনো অবহেলা করেনি। প্রতিটি ক্ষেত্রেই তাকে আমি পারফেক্ট মনে করি। এটা সে চেষ্টা করে আয়ত্ত করেছে। আমি অন্য পুরুষদেরকেও বলবো, পরিবারে নারীদেরকে সুযোগ দিলে তারা নিজেদের যেমন বিকশিত করতে পারবে তেমনি একদিন পুরুষতান্ত্রিকতা থেকে মুক্ত হবে সমাজ। মা বেশি ভালোবাসেন বড়ো সন্তান দেশের বাইরে থাকায় ছেলে ইবতেশাম হোসেনের কাছে জানতে চাই, মায়ের সাথে কেমন সময় কাটে? জবাবে সে জানায়, তার সব বিষয় মাকে নিয়েই। মা যদিও বেশি সময় পান না, তারপরও সময় পেলে তাকে নিয়ে বেড়াতে যান। মা-ই তাকে বেশি ভালোবাসেন। -ছবি : মেহেদী হাসান