নতুন শুটিং হাউজে ফেরদৌস ও রেজানুর রহমান
প্রকাশ : ০৫ মে ২০১৩, ২০:১০
ছবি পাড়ায় ব্যস্ততা কম ও চলচ্চিত্রে নিজের চাহিদা নিম্নমুখী হওয়ায় ফেরদৌস গত কয়েক বছর ধরেই বিভিন্ন রকমের রিয়েলিটি শো আর বিভিন্ন উদ্বোধনী তারকা হিসেবেই তার শিডিউল বেশ ফাঁকা পাওয়া যায়। সম্প্রতি ফেরদৌস উত্তরায় একটি শুটিং হাউস উদ্বোধন করলেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘অভিনয় করার কারণে দেশে-বিদেশে বিভিন্ন শুটিং হাউস ও শুটিং স্পটেই আমার সময় কাটে বেশি। আমি মনে করি একটি শুটিং হাউস মানেই অনেক পরিবারের আশ্রয়স্থল। কাজেই শুটিং হাউসের পরিবেশ যত বেশি উন্নত হবে ততই নাটকে আমাদের পরিবারগুলোকে আধুনিকভাবে তুলে ধরা যাবে।’ গত শুক্রবার উত্তরায় স্বপ্ন শুটিং হাউসের উদ্বোধনকালে ফেরদৌস একথা বলেন। স্বপ্ন শুটিং হাউসটির মূল পরিকল্পনা এবং এই হাউসটির নবযাত্রা প্রসঙ্গে আনন্দ আলোর সম্পাদক, বিশিষ্ট নির্মাতা রেজানুর রহমান বলেন, ‘শুটিং হাউস এখনকার সময়ে খুবই অপরিহার্য। তবে বৈচিত্রের কারণে স্বয়ংসম্পূর্ণ শুটিং হাউস একেবারেই এ দেশে কম। সেদিক দিয়ে স্বপ্ন সেই চাহিদা পূরণ করবে।’