বিশ্বকাপ দিয়েই হামিদের ইতি

স্পোর্টস ডেস্ক

বিস্ময়কর ভাবেই আফগানিস্তানের বিশ্বকাপ দলে ডাকা হয়েছে তাকে। তবে, এই বিস্ময়টা আর সামনে এগিয়ে নিতে চান না ৩১ বছর বয়সী পেসার হামিদ হাসান। বিশ্বকাপ দিয়েই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর আগাম ঘোষণা দিয়ে রাখলেন তিনি। হামিদ শেষ ওয়ানডে খেলেছেন ২০১৬ সালে। এরপর ইনজুরির কারণে লম্বা সময়ের জন্য তিনি দলের বাইরে ছিলেন। তবুও, বিশ্বকাপের মঞ্চে এই অভিজ্ঞ পেসারের ওপর ভরসা রেখেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।  বিশ্বকাপ দিয়ে শেষ করার ঘোষণা দিয়ে হামিদ বলেন, ‘দেশের হয়ে এটাই আমার শেষ বিশ্বকাপ। এই টুর্নামেন্টের পরই আমি ওয়ানডে ক্রিকেট খেলা ছেড়ে দিবো। এরপর আমি কেবলই টি-টোয়েন্টি খেলবো। সেটা হতে পারে আফগানিস্তানের হয়ে, কিংবা আফগানিস্তানের টি-টোয়েন্টি লিগে। সুযোগ আসলে বিদেশের টি-টোয়েন্টি লিগেও খেলবো।’ ওয়ানডে ছাড়ার সিদ্ধান্তটা কঠিন ছিল হামিদের জন্য। তিনি বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি নিজের পুরো জীবন ক্রিকেটের পেছনে ব্যয় করেছি। তাই, এই সিদ্ধান্তটা নেওয়া আমার জন্য কঠিন ছিল। তবে, আমি অনেক ভেবেছি। ইনজুরি নিয়ে আমার আর ক্যারিয়ারটাকে লম্বা করার সুযোগ নেই।’ বিশ্বকাপ শুরু হবে আগামী ৩০ মে। এক জুন আফগানিস্তানের প্রথম প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সেদিনই নিজের ৩২ তম জন্মদিন পালন করবেন হামিদ হাসান।