পরিবর্তন চায় পাকিস্তানিরা

গণতন্ত্র প্রতিষ্ঠার এক ঐতিহাসিক ধাপ পার করতে যাচ্ছে পাকিস্তান। গত মার্চে দেশটিতে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো সরকার তাদের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করেছে। আগামী সপ্তাহে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটি স্বাধীন হওয়ার পর এই প্রথম কোনো নির্বাচিত সরকারের পর আরেকটি নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে। বলা চলে ২০০৮ সালের মার্চে দেশবাসীর সহানুভূতির কল্যাণে ক্ষমতায় আসে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। সাবেক প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টো নিহত হওয়ার কারণেই দুর্নীতির অভিযোগে সমালোচিত তার স্বামী আসিফ আলী জারদারি সে সহানুভূতিতে দেশটির শীর্ষ ক্ষমতায় বসেন। ১৯৪৭ সালের পর দেশটিতে সেনা অভ্যুত্থানের কারণে কোনো সরকারই মেয়াদ পূর্ণ করতে পারেনি। তাই পিপিপি সরকার তাদের মেয়াদ পূর্ণ করতে পারবে এমনটা আশা অনেকেই করেনি। গত পাঁচ বছরে বিভিন্ন সময় সরকারের নাজুক পরিস্থিতিতে মনে হয়েছে এ সরকার আর টিকবে না। কিন্তু সেই সরকার মেয়াদ শেষ করেছে। আগামী ১১ মে জাতীয় পরিষদ নির্বাচন হবে। এ নির্বাচন সুষ্ঠু স্বাভাবিক হলে তা হবে পাকিস্তানের জন্য এক ঐতিহাসিক ঘটনা। একই দিন প্রাদেশিক পরিষদ নির্বাচন। এবারের নির্বাচন হলো তিন দল কেন্দ্রীক। এর মধ্যে নানা সমস্যায় এখন জর্জরিত পিপিপি। ভুট্টো পরিবারের বাইরে এবার অন্য কোনো নেতা দলটির প্রতিনিধি হতে পারেন। এবার জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রধান বিরোধী দল পিএমএল-এর নেতা নওয়াজ শরিফ। তবে তারকা-রাজনীতিক ইমরান খানও এবার তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছেন। অন্যদিকে, নির্বাচন করতে এসে বেকায়দায় পড়ে জেলখানায় রয়েছেন সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফ। ১৩ বছর আগে নওয়াজ শরিফের যাবজ্জীবন কারাদণ্ড হয়। পরে মুক্তি পাওয়া নওয়াজ এবারের নির্বাচনে জয়ী হওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাসী। তবে বিশ্লেষকরা বলছেন, তার প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে ইমরান খান। তার পরিবর্তনের ডাক দেশটির মধ্যবিত্ত শ্রেণিকে আকৃষ্ট করেছে। তবে ইমরান খানের সমালোচনা না করে পিপিপি’র সমালোচনা করছেন নওয়াজ। তার দাবি গত পাঁচ বছরে তারা জনগণের জন্য কিছুই করেনি। পাকিস্তানিদের মধ্যে রাজনৈতিক দলের চেয়ে সেনাবাহিনীর প্রতি আস্থা এখনো বেশি। পাকিস্তানের সেনাবাহিনীকে এখনো রাজনীতিতে সবচেয়ে শক্তিশালী অংশ হিসেবে বিবেচনা করা হয়। এ নির্বাচনে পাকিস্তানের সেনাবাহিনী সর্বাত্মক সহায়তা করার জন্য কথা জানিয়েছে। তবে পাকিস্তানি তালেবান নেতারা নির্বাচনে ভোট না দেয়ার জন্য হুমকি দিচ্ছেন। এ অবস্থায় নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য ৬ লাখের বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে সরকার। নির্বাচনের আগে হিসাব-নিকাশ শুরু হয়েছে গত পাঁচটা বছর নিয়ে। দুর্নীতির অভিযোগ পিছু ছাড়েনি প্রেসিডেন্ট জারদারিকে। তার দলের অন্য নেতা ও মন্ত্রীরাও কম যাননি। জারদারিকে বাঁচাতে সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে সরে দাঁড়াতে হয়েছে। তাদের মেয়াদে পাকিস্তানের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক উন্নতি পেছনের পথে হেঁটেছে। দ্রব্যমূল্য, বেকারত্ব, দরিদ্রতা বৃদ্ধি, পানি, বিদ্যুত্ সেবা ব্যবস্থা ভেঙে পড়া, সব মিলিয়ে পাকিস্তানিদের জীবন দুঃসহ জায়গায় এসে ঠেকেছে। এছাড়া জঙ্গি হামলার ঘটনাও বেড়েছে ব্যাপকহারে। ফলে নিরাপত্তাহীনতাও চরমে উঠেছে। এ অবস্থায় নির্বাচনের মাঠে নেমেছে রাজনৈতিক দলগুলো। এ বিষয়গুলো নির্বাচনকে ভীষণভাবে প্রভাবিত করবে। আব্দুল হাফিজ নামে এক দোকানী বিবিসিকে বলেন, কাউকে ভোট দেয়ার কারণ তিনি দেখি না। গত ২৫ বছর যা করেছি, এখনো তাই করছি। তবে এখনকার মতো খারাপ সময় আগে কখনো আসেনি। দ্রব্যমূল্য বৃদ্ধি একটি বড় ইস্যু। আমি ভোট দিতে যাচ্ছি না। রাজনৈতিক দলগুলো ভোট চায় যাতে তারা নির্বাচিত হয়ে দুর্নীতির মাধ্যমে আরো ধনী হতে পারে। দেশ ও জনগণ নিয়ে কেউ ভাবে না। তবে আবিদা মালিক নামে এক গৃহিণী জানান, তিনি ভোট দেয়ার জন্য প্রস্তুত। তিনি বলেন, এর আগে ভোট দেয়নি। কিন্তু এবার আমার মতো হাজারো মানুষ ভোট দিতে চায়। তিনি বলেন, অনেক হয়েছে। এখন আমরা পরিবর্তন চাই। দিনে দিনে সমস্যা তীব্র হচ্ছে। আইনের শাসনের অভাবই এখন বড় সমস্য। যখন-তখন আমরা বাড়ির বাইরে যেতে পারি না। রাতে ঘর থেকে বের হতে আমরা ভয় পাই। এটা হামলা ও ডাকাতির ভয়। যেকোনভাবে করাচির মানুষ এগুলো মানিয়ে চলার চেষ্টা চলছে। তিনি বলেন, করাচি একটি সুন্দর শহর ছিলো। এখানেই আমরা বড় হয়েছি। এটি পাকিস্তানের অন্যতম নিরাপদ শহর ছিলো। অনেক রাত পর্যন্ত আমরা বাইরে থেকেছি। তবে পরিস্থিতি এর চেয়ে খারাপ হওয়ার আগে আমরা পরিবর্তন আনতে পারি। আমি এখনো আশাবাদী। আমরা নিবেদিত, প্রতিশ্রুতিশীল ও সত্ নেতৃত্বকে ক্ষমতায় আনতে পারলে পরিবর্তন আসবে। বেশিরভাগ পাকিস্তানি মনে করছে নির্বাচনে পরিবর্তন আসবে। তবে জনপ্রিয়তা হারানো পিপিপি’র বিকল্প দল আসবে কিনা সেটা স্পষ্ট নয়। আর রাজনৈতিক দলগুলোর যে অবস্থা তাতে একটি জোট সরকার পাকিস্তানে আগামীতে ক্ষমতায় আসতে পারে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে বিবেচনায় নওয়াজ শরিফের দল ৩০ শতাংশ ভোট পেতে পারে। হেনরিচ বিল ইনস্টিটিউট-এর সহায়তায় সাসটেইনেবল ডেভেলপমেন্ট পলিসি ইনস্টিটিউট (এসডিপিআই ) জনমতের উপর একটি জরিপ চালিয়েছে। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এ জরিপটি চালানো হয়। জরিপে দেখা যায়, পিপিপিকে দুর্নীতিগ্রস্ত দল হিসেবে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে ইমরান খানের রাজনৈতিক অভিজ্ঞতা ও স্পষ্ট এজেন্ডার অভাবের বিষয়টি উঠে এসেছে। নির্বাচনের পাঁচ মাস আগে এসডিপিআই এ জরিপটি করে। মূলত ভোটারদের মনোভাব বিশ্লেষণের জন্য এ জরিপটি করা। জরিপের ফলাফলে দেখা যায়, প্রধান তিনটি রাজনৈতিক দল ২০ থেকে ৩০ শতাংশ করে ভোট পাবে। এ জরিপ ইঙ্গিত দেয় ঝুলন্ত পার্লামেন্টের পথেই এগোচ্ছে পাকিস্তানের নির্বাচন। যেখানে সরকার গঠনে রাজনৈতিক দলকে জোট করতে হবে। নির্বাচনে জয়ীরা তাদের স্বার্থ রক্ষা হবে এমন রাজনৈতিক দলের সঙ্গে জোট করতে চাইবে। তবে এখনই বলা যায় এ জোট সরকার দুর্বল সরকার হবে। পাকিস্তানের এবারের নির্বাচনে তরুণ ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই এ নির্বাচন নিয়ে আগাম কোনো ভবিষ্যত্বাণী করা কঠিন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা।