জামালপুরে নদী ভাঙ্গনের কবলে স্বাস্থ্য কমপ্লেক্স
প্রকাশ : ০৫ মে ২০১৩, ২০:৪৬
যমুনার পানি বৃদ্ধির সাথে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। গত ক’দিনের ভাঙ্গনে বিলীন হতে যাচ্ছে প্রায় কোটি টাকা মূল্যের ইসলামপুরের চিনাডুলী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতল ভবন। পানি সম্পদ প্রতিমন্ত্রীর উদ্বোধনের মাসাধিকাল অতিবাহিতের পরও বালুর বস্তা ডাম্পিং না করায় যমুনার প্রচণ্ড স্রোতে বিলীন হতে চলেছে কুলকান্দি হার্ড পয়েণ্ট ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতল ভবনসহ অসংখ্য ঘর-বাড়ি ফসলের মাঠ। জানা গেছে, জামালপুরের ইসলামপুর উপজেলায় ১৯৯৫ সালে ফ্রান্স ও জার্মান সরকারের অর্থায়নে ৬৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত কুলকান্দী এই রিভেটমেন্ট টেস্ট ট্রাকচার (হার্ডপয়েন্ট)। কিন্তু স্থানীয় প্রভাবশালী ব্যক্তির ওই হার্ডপয়েন্টের পাদদেশে অবৈধভাবে বালি উত্তোলন শুরু করলে গত বছর হার্ডপয়েন্টে ভাঙ্গন দেখা দেয়। বর্তমান সরকার নদী ভাঙ্গন রক্ষার জন্য ৪শ’ ১৭ কোটি টাকা ব্যয়ে ৩ বছর মেয়াদী একটি প্রকল্প গ্রহণ করে। দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও সরিষাবাড়ি উপজেলা যমুনার আগ্রাসী ভাঙ্গন থেকে রক্ষার জন্য বালুর বস্তা ডাম্পিং ও কংক্রিট বোল্ডার স্থাপন করার কথা। ২০১০-১১ অর্থ বছর দেওয়ানগঞ্জের ফুটানি বাজার, ইসলামপুরের মোরাদাবাদ, কুলকান্দী ও উলিয়া বাজার এলাকায় ৬০ কোটি এবং একই অর্থ বছরে ১২ কোটিসহ ৭২ কোটি টাকার বালুর বস্তা ড্রাম্পিং করা হয়। বালুর বস্তা ডাম্পিং কাজে দুর্নীতির কারণে ওই বছর বন্যা মওসুমে মোরাদাবাদ এলাকায় এক হাজার মিটার ও উলিয়ায় ৫০০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে যায়। অর্থ বরাদ্দ না থাকায় ২০১০-১১ ও ১১-১২ অর্থ বছর প্রকল্পের কোন কাজ না হওয়ায় গত বন্যায় পাথর্শীর শশারিয়া বাড়ি ও পশ্চিম বামনা, শিং ভাঙ্গা ও কদমতলী এলাকায় সহস্রাধিক পরিবারের কয়েক হাজার ঘর-বাড়ি, ঐতিহ্যবাহী চিনাডুলী ফাজিল মাদরাসা, উচ্চ বিদ্যালয়, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ ভবন, ইউনিয়ন হাসপাতালসহ হাজার হাজার একর ফসলি জমি যমুনা গর্ভে বিলীন হয়েছে। চলতি ২০১২-১৩ অর্থ বছরও প্রকল্পের ৯০ কোটি টাকার বালুর বস্তা ডাম্পিংয়ের জন্য গত ১২ এপ্রিল পানিসম্পদ প্রতিমন্ত্রী হেলিকপ্টার যোগে উড়ে এসে ড্রাম্পিং কাজে উদ্বোধন করেন। অথচ প্রায় দীর্ঘ ১ মাস অতিবাহিত হতে চলছে ডাম্পিং কাজ শুরু হয়নি। এতে নতুন করে এলাকার বসতবাড়ী নদীগর্ভে বিলীন হচ্ছে। এই তীর সংক্ষণের প্রকল্পটি সম্পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় আতংকের মধ্যে রয়েছেন যমুনার তীরবর্তী ৩টি উপজেলার ২৬ কিলোমিটার এলাকার কয়েক লাখ মানুষ। যমুনা নদী থেকে ইসলামপুর উপজেলা সদর ৩ থেকে ৪ কিলোমিটার ও জিল বাংলা চিনি কল এক থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থান করছে। জামালপুর পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বর্তমানে কুলকান্দি হার্ডপয়েন্ট প্রায় বিলীন হতে বসেছে।