বিভিন্নস্থানে কালবৈশাখীর তাণ্ডব: নিহত ছয়

দেশের বিভিন্নস্থানে কালবৈশাখীর তাণ্ডব ও বজ্রপাতে ৬ জন নিহত হয়েছে। এছাড়া বহু ঘর-বাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়। এ বিষয়ে ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর। নড়াইল নড়াইলের ওপর দিয়ে রবিবার সকালে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে ২ জন মারা গেছে। নিহতরা হলেন—নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকার গফুর জমাদ্দারের পুত্র আক্কাস হোসেন (২৮) এবং লোহাগাড়া উপজেলার দেবী গ্রামের মনোয়ার শেখের পুত্র আবু বক্কর শেখ (২২)। এদিকে রবিবার সকালে জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বিভিন্ন এলাকার গাছপালা ও ঘর-বাড়ি ভেঙ্গে পড়ে এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া ঝড়ের কারণে বিদ্যুতের পিলার ভেঙ্গে ও তার ছিঁড়ে সকাল থেকে জেলায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ ছিল। চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) কুমিল্লার চান্দিনায় কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে ঘর-বাড়ি, ফসলী মাঠ, গাছ-পালা ও ধর্মীয় উপাসনালয়। রবিবার সুহিলপুর গ্রামে সেলিনা আক্তার (৪৫) নামে এক গৃহবধূ এ ঘটনায় নিহত হয়। দুপুর থেকে রাত অবধি বৈশাখী ঝড়ে উড়ে গেছে ঘরের চালা, বিধ্বস্ত হয়েছে অনেক ঘর-বাড়ি। ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর মধ্যে উপজেলার হাড়িখোলা, থানগাঁও, ডুমুরিয়া, ছায়কোট, মাইজখার, বাড়েরা, বদরপুর, ফাঐ, নবাবপুর, গল্লাই ও বসন্তপুর উল্লেখযোগ্য। এছাড়া বজ্রপাতে আব্দুল মুনাফ নামে এক কৃষকের মৃত্যু ঘটেছে। অপরদিকে কালবৈশাখীর বজ্রপাতে আব্দুল মুনাফ নামে এক কৃষকের মৃত্যু ঘটেছে। শনিবার উপজেলার গলাই ইউনিয়নের বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। কাউখালী (পিরোজপুর) পিরোজপুরের কাউখালীতে গত শনিবার রাতে ও রবিবার সকালে ২ দফা কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এসময় বজ্রপাতে ১ বালু শ্রমিক নিহত ও ৩ জন আহত হয়। গত শনিবার রাতে ও রবিবার সকালে বৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন গাছপালা ভেঙ্গে পড়ে ও বিদ্যুতের তার ছিঁড়ে ২ দিন ধরে বিদ্যুত্ বন্ধ রয়েছে। এছাড়া রবিশস্যর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) কালবৈশাখী ঝড়ে রবিবার ভোরে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বৃহত্ ধানের মোকাম আশুগঞ্জ ঘাটে মেঘনা নদীতে প্রায় ৫‘শ টন ধানসহ ১৭টি নৌকা ডুবে গেছে। এর মধ্যে সাড়ে ৩ হাজার মণ ধানসহ নিখোঁজ ৫টি নৌকার এখনো সন্ধান মেলেনি। খুঁজে পাওয়া ১২টি নৌকার ভিজে যাওয়া ধানগুলো উদ্ধার শুরু করেছে ডুবুরিরা। তবে এসব ধান উদ্ধার করা সম্ভব হলেও লোকসান দিয়ে বিক্রি করতে হবে ব্যবসায়ীদের। টেকেরহাট (মাদারীপুর) রাজৈর উপজেলার কিসমদ্দি বাজিতপুর গ্রামে গতকাল রবিবার দুপুরে বজ্রপাতে ইউনুস হাওলাদার (৬৫) নিহত হয়। এসময় ইউনুস হাওলাদার (৬৫) ও তার মেয়ে রান্নঘরে বসেছিল।