দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চরমপন্থিরা আবারও সংগঠিত হচ্ছে
প্রকাশ : ০৫ মে ২০১৩, ২০:৪৯
স্তিমিত হয়ে পড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে চরমপন্থি দলগুলো আবারও সশস্ত্র তত্পরতা শুরু করেছে। তারা বিভিন্ন গ্রুপ গঠন করে নীরব চাঁদাবাজি করছে। মানুষ অপহরণ করে মুক্তিপণ আদায় বাণিজ্যে নেমেছে। দেশ স্বাধীনের আগে এ অঞ্চলে পূর্ব পাকিস্তান কমিউনিষ্ট পার্টি নামে একটি চরমপন্থি সংগঠনের আবির্ভাব ঘটে খুলনার ডুমুরিয়া, যশোরের অভয়নগর ও বাঘারপাড়া এবং ঝিনাইদহের কালীগঞ্জ ও মাগুরার শালিখা এলাকায়। মুক্তিযুদ্ধকালে এ সংগঠনটি বিপুল পরিমাণে অস্ত্র সংগ্রহ করে শক্তিশালী হয়। স্বাধীনতার পর দলটি খুলনা থেকে ঝিনাইদহ পর্যন্ত ত্রাসের রাজত্ব কায়েম করে। গ্রামাঞ্চলে তাদের কথাই ছিল আইন। শ্রেণীশত্রু আখ্যায়িত করে মানুষ হত্যা শুরু করে। ১৯৭৬ সালে দলের নাম বদলে বাংলাদেশের বিপ্লবী কমিউনিষ্ট পার্টি রাখা হয়। দলের নেতৃত্বে আসেন যশোরের কমরেড আব্দুল হক। এরপর ১৯৭৩ সালে মাঠে নামে জাসদ গণবাহিনী। এ দলের অধিপত্য ছিল চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ ও মাগুরা এলাকাতে।
গণবাহিনী মেহেরপুর ট্রেজারি, হরিণাকুন্ডু থানা, লাঙ্গলবাঁধ ও আল্লাহর দরগা পুলিশ ক্যাম্প লুট করে। এলাকার আধিপত্য বিস্তার নিয়ে গণবাহিনী আর বিপ্লবী কমিউনিষ্টের মধ্যে লড়াই শুরু হয়। দু’দলের নেতা ক্যাডারদের একের পর এক লাশ পড়তে থাকে। ১৯৮০ সালের পর আবির্ভাব ঘটে সর্বহারা পার্টির ৩টি গ্রুপের। নিজস্ব দলীয় কোন্দল এবং প্রতিদ্বন্দ্বী দলের সাথে যুদ্ধে নেতা-কর্মীরা মরতে থাকে। এরপর সর্বহারা পার্টি অঞ্চল থেকে প্রায় বিলীন হয়ে যায়। ১৯৯০ সালের পর আসে পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টি (এমএল)। এ দলটি মানুষ খুনে ছিল শীর্ষে। এরা ঘোষণা দিয়ে মানুষ খুন করত। পরে অভ্যন্তরীণ কোন্দলে কোণঠাসা হয়ে পড়ে। একসময় দলটি বিভক্ত হয়ে পড়ে। এক অংশের নেতৃত্বে আসে ঝিনাইদহের পশ্চিম বিষয়খালীর আব্দুর রশিদ ওরফে দাদা তপন। তার গ্রুপের নাম ছিল পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টি(জনযুদ্ধ)। কথায় কথায় মানুষ খুন করত দাদা তপন। হত্যার পর দলের পক্ষ থেকে আবির হাসান সাংবাদিকদের জানিয়ে দিত। ২০০৮ সালে কুষ্টিয়াতে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে দাদা তপন সঙ্গিনী রিক্তাসহ নিহত হয়। পরে দলের শীর্ষ নেতা ক্যাডাররা বিভিন্ন সময়ে র্যাব পুলিশের সাথে ক্রসফায়ারে নিহত হয়।
১৯৯৭ সালে মির ইলিয়াস হোসেন দিলীপ ঝিনাইদহে গঠন করে শ্রমজীবী মুক্তি আন্দোলন। এ দলের গোপন সংগঠনের নাম গণমুক্তি ফৌজ। এছাড়াও খুলনার ডুমুরিয়ার মনোরঞ্জন গোসাই ওরফে মৃণাল গঠন করে নিউ বিপ্লবী কমিউনিষ্ট পার্টি। এ অঞ্চলে একডজন চরমপন্থি সংগঠন ছিল বলে পুলিশের তথ্যে জানা যায়।
খুলনা ডিআইজি অফিসের এক সূত্রে জানা যায়, ২০০৪ সালের পর থেকে র্যাব পুলিশের সাথে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধে এ পর্যন্ত চরমপন্থি দলগুলোর প্রায় সাড়ে ৫শ’ নেতা-কর্মী নিহত হয়। প্রথমসারির প্রায় সকল নেতা নিহত হয়েছে। ভারতে পালিয়ে গিয়ে গণমুক্তি ফৌজের শাহীন ও মুকুল, গণবাহিনীর কালু জীবিত আছে। ভারতে পালিয়ে থাকা অবস্থায় মৃণাল, আলমগীর, আজিবর চেয়ারম্যান ও লালসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা খুন হয়। চরমপন্থি দলগুলোর সাংগঠনিক ভিত্তি তছনছ হয়ে গেছে। শীর্ষ নেতা খুন হলেও তাদের অস্ত্র ভাণ্ডারের ভাল অস্ত্রগুলোর নগণ্য সংখ্যক উদ্ধার হয়। এসব অস্ত্র দলের তৃতীয় শ্রেণী ক্যাডারদের হাতে পড়ে। তারা অস্ত্র গোপন করে এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে আছে। বর্তমানে কেউ এলাকায় ফিরে এসে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় আছে। তারা নীরব চাঁদাবাজি করছে। ঝিনাইদহের পশ্চিমাঞ্চলে জনযুদ্ধের নামে একটি গ্রুপ সক্রিয় হচ্ছে।
খুলনা ডিআইজি অফিসের এক সূত্রে জানা যায়, চরমপন্থি দলগুলোর পাঁচ শতাধিক ক্যাডার এখন জীবিত রয়েছে। তারা বিভিন্ন এলাকায় প্রাইভেট গ্রুপ গঠন করে চাঁদাবাজি করছে। খুলনা রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি দিদার আহমেদ বলেন, কোন কোন এলাকায় রাজনৈতিক ব্য্ক্তির ছত্রচ্ছায়ায় সাবেক চরমপন্থি দলের ক্যাডাররা আশ্রয় নিয়েছে।