ইউরোপের সর্বকনিষ্ঠ রাজা উইলেম আলেক্সান্ডার

নেদারল্যান্ডের নতুন রাজা হিসেবে শপথ নিয়েছেন ৪৬ বছর বয়সী উইলেম আলেক্সান্ডার। তার মা রানি বিয়াট্রিক্স নতুন প্রজন্মের কাছে ক্ষমতা তুলে দেয়ার জন্য স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দিয়েছেন। গত মঙ্গলবার রাজার অভিষেক অনুষ্ঠান উপলক্ষে নানা আয়োজনে মেতে ওঠে ডাচরা। একই সঙ্গে উইলেম হলেন ইউরোপের সর্বকনিষ্ঠ রাজা; ১৮৯০ সালের পর দেশের প্রথম রাজা। এর মাঝে তিনজন রানিকে পেয়েছিল ডাচরা। ৩৩ বছর পর সিংহাসন ছাড়লেন ৭৫ বছর বয়সী বিয়াট্রিক্স। আমস্টারডামের রাজপ্রাসাদে রানির ক্ষমতা ছাড়ার অনুষ্ঠান নেদারল্যান্ডের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি দেখানো হয়। সাবেক রানি বিয়াট্রিক্স এখন প্রিন্সেস বিয়াট্রিক্স হিসেবে পরিচিত হবেন। বিয়াট্রিক্স বলেন, ‘আজ আমি নতুন প্রজন্মের কাছে দায়িত্ব তুলে দিচ্ছি। আমার ছেলে উইলেম আলেক্সান্ডার এই সুন্দর দায়িত্বটি যথাযথভাবে পালন করবে বলে আশা করছি।’ অপেক্ষমাণ জনতার সাথে নতুন রাজা উইলেমকে পরিচয় করিয়ে দেন প্রিন্সেস বিয়াট্রিক্স। পরে আমস্টারডামের হিস্টোরিক নিউ চার্চে পার্লামেন্টের দুই কক্ষের সদস্যসহ অতিথিদের সামনে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। নেদারল্যান্ডের রাজা উইলেম আলেক্সান্ডার এ সময় বলেন, ‘আমি শপথ নিচ্ছি, আমার সব ক্ষমতা দিয়ে এই রাজ্যের স্বাধীনতা ও অধিবাসীদের অধিকার রক্ষা করবো। আর এ কাজে ঈশ্বর আমাকে সহায়তা করবেন।’ প্রথাগত রাজা হতে চান না উইলেম। তাই তাকে ইউর ম্যাজেস্টি বলে সম্বোধন করতে মানা করে দিয়েছেন তিনি ডাচদের। প্রত্যেকে ইচ্ছামতো তাকে সম্বোধন করতে পারবে। বলেছেন, তিনি হতে চান জনগণের বন্ধু। ২১ শতকের রাজা। অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতুন রানি ম্যাক্সিমা আর তিন রাজকন্যাও। সবার বড় প্রিন্সেস অফ অরেঞ্জ ক্যাথরিনা এমিলিয়া, উইলেমের পর রাজসিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী। রাজকীয় অনুষ্ঠানের অতিথি হিসেবে ১৮টি দেশের রাজপরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন ব্রিটেনের প্রিন্স চার্লস ও তার স্ত্রী ক্যামিলা। নতুন রাজাকে সম্মান জানাতে নেদারল্যান্ডের জাতীয় রঙ কমলা পোশাকে হাজির হয় ডাচরা। সারাদিনের অনুষ্ঠান শেষ হয় রাজকীয় নৌ-বিহারের মধ্যদিয়ে। এতে অংশ নেয় দুই শতাধিক নৌকা। এসময় নদীর দুই পাশে রাজা-রানিকে স্বাগত জানাতে হাজির হয় নেদারল্যান্ডবাসী। নতুন রাজা উইলেম আলেক্সান্ডার তার মাকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি ও নেদারল্যান্ডের জনগণ তার প্রতি কৃতজ্ঞ। এরপর রাজ প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে নতুন রাজা, তার মা ও স্ত্রী ম্যাক্সিমা হাতে হাত রেখে আগতদের শুভেচ্ছা জানান। এসময় জাতীয় সংগীত বাজানো হয়। উইলেমের স্ত্রী ম্যাক্সিমা (৪১) একজন ব্যাংকার। তার জন্ম আর্জেন্টিনায়। উইলেমের রাজা হওয়ার সূত্রে ম্যাক্সিমা হলেন দেশের রানি। গত জানুয়ারিতে বিয়াট্রিক্স প্রথম পদত্যাগের আগ্রহ প্রকাশ করে বলেন, তার পুত্র সিংহাসনে বসতে প্রস্তুত এবং নতুন প্রজন্মের হাতে শাসনভার অর্পণের সময় এসেছে। উইলেম আলেক্সান্ডার শুধু নেদারল্যান্ডের রাজাই হবেন না। তিনি ডাচ ক্যারিবীয় অঞ্চল কুরাকাও, অরুবা এবং সেন্ট মার্টিনেরও রাজা হচ্ছেন।