নাইজেরিয়ার বোকো হারাম

শিক্ষা প্রতিষ্ঠানে হামলা যাদের লক্ষ্য

১৬ বছরের কিশোর আরুনা মুস্তাফা। অসুখ-বিসুখ না হলে স্কুল কামাইয়ের রেকর্ড ছিলো না তার। ভালো ছাত্র হওয়ার সুবাদে শিক্ষকরাও বেশ খাতির করতো তাকে; স্বপ্ন দেখতো ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার। কিন্তু এখন মনে হচ্ছে, আরুনা মুস্তাফার শিক্ষা জীবনের ইতি ঘটেছে। যে স্কুলটিতে সে পড়তো, সেটিকে আর স্কুল বলা চলে না; সোজা কথায় ধ্বংসস্তূপ। শ্রেণীকক্ষ, টেবিল কিংবা চেয়ার— কোনো কিছুই আর অক্ষত নেই। ব্ল্যাকবোর্ডগুলো ঝুলে রয়েছে কোনোমতে; কিন্তু একটিও লেখার উপযুক্ত নয়। তারপরও নিয়ম মেনে প্রতিদিনই স্কুলে হাজিরা দিতে আসে আরুনা মুস্তাফা এবং তার বন্ধুরা। কিন্তু আসলে কী হবে, শিক্ষকদের টিকিটিও দেখা যায় না। প্রাণভয়ে তারা বাড়িতেই বসে থাকেন। বিদ্রোহীদের সঙ্গে কোনোরূপ সংঘাতে যাওয়ার সাহস তাদের নেই। নাইজেরিয়ার বিদ্রোহীরা বোমা মেরে প্রায় উড়িয়ে দিয়েছে আরুনা মুস্তাফাদের স্কুলটিকে; কিন্তু দমাতে পারেনি তাদের শিক্ষাক্ষুধাকে। আক্ষেপ করেই সে বলছিলো, ‘আমার মতো অনেক ছাত্রেরই ঘরে বসে থাকতে ভালো লাগে না। আমরা পড়াশোনা করতে চাই এবং পড়াশোনা শেষ করে দেশের সেবা করতে চাই। আমাদের এ ইচ্ছা পূরণ হবে কি-না জানি না। ওদেরকে প্রতিহত করার ক্ষমতা আমাদের নেই। এ দায়িত্ব সরকারের। কিন্তু তাদের রহস্যজনক নীরবতা আমাদেরকে বিস্মিত করছে।’ মাত্র ১৬ বছরের এক কিশোরের মুখ থেকে এ ধরনের কথাবার্তা শুনে অবাকই হতে হয়। আসলে সে জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াবলি সম্পর্কে বেশ খোঁজ-খবর রাখে। আরুনা মুস্তাফা নাইজেরিয়ার বর্তমান পরিস্থিতিতে পুরোপুরি হতাশ। তার মতো অবস্থা স্কুলের সব ছাত্রেরই। সাম্প্রদায়িক সংঘাত ও সন্ত্রাসী কর্মকাণ্ডে নাইজেরিয়ার উত্তরাঞ্চল ক্ষতবিক্ষত। শুরুতে বিদ্রোহীদের টার্গেট ছিল পুলিশ, সামরিক কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা। বাদ যাচ্ছিল না সরকারের কট্টর সমর্থকরাও। কিন্তু ইদানীং তাদের আক্রমণে নতুন মাত্রা যোগ হয়েছে। একের পর এক স্কুল পুড়িয়ে দিচ্ছে তারা। বলতে গেলে ঘোষণা দিয়েই স্কুলগুলোর বিরুদ্ধে যুদ্ধ নেমে পড়েছে তারা। প্রচলিত শিক্ষা ব্যবস্থার ওপর প্রচণ্ড ক্ষোভ তাদের এবং তা ধ্বংস করে দিতে বদ্ধপরিকর। এর বদলে ছাত্রছাত্রীদেরকে আরবী শিক্ষায় শিক্ষিত করতে চাইছে তারা। যাতে তাদের মতবাদ প্রচার করতে সুবিধা হয়। প্রচলিত শিক্ষায় শিক্ষিতরা সাধারণত তাদের দলে ভিড়তে অনিচ্ছা প্রকাশ করে কিংবা কৌশলে এড়িয়ে যায়। পোড়ানো হচ্ছে সরকারি এবং বেসরকারি স্কুল। তবে তারা নিজেদের হাত দিয়ে আগুন ধরানোর ঝুঁকি নেয় না। রাতের অন্ধকারে দূর থেকে ছুঁড়ে মারে হাতবোমা। এগুলো তৈরি করতে বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন হয় না। গ্যাসোলিন ভর্তি সোডার বোতল নিক্ষেপ করলেই দাউ-দাউ করে জ্বলে ওঠে আগুন। সারারাত জ্বলার পর সকালবেলায় স্কুলটিকে আর স্কুল মনে হয় না, মনে হয় পোড়াবাড়ি। উদ্বিগ্ন অভিভাবকরা এসব বন্ধে স্কুলগুলোতে সেনাপাহারার দাবি জানিয়ে আসছে সরকারের কাছে, কিন্তু সাড়া মিলছে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা জানিয়েছেন, স্কুল পাহারা দিতে অপারগতা প্রকাশ করেছে নাইজেরিয়ার সেনাবাহিনী। নিজেদের নিরাপত্তার কথা ভেবেই তাদের এমন সিদ্ধান্ত। অবশ্য এর পেছনে আরো একটি যুক্তি দেখিয়েছে তারা, স্কুল পাহারা দিতে গেলে সংঘাত আরো বাড়বে। নাইজেরিয়ার উত্তরাঞ্চলের ধূলিময় মেট্রোপলিশ মাইদুগুরিতে স্কুলই উঠে যাওয়ার উপক্রম হয়েছে। প্রায় প্রতিদিনই জ্বালিয়ে দেয়া হচ্ছে কোনো না কোনো স্কুল। গত ফেব্রুয়ারিতেই কেবল পুড়িয়ে দেয়া হয়েছে আটটি স্কুল। এর একটিতেও শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার মতো অবস্থা নেই। এসব কুকর্ম ইসলামি গ্রুপ ‘বোকো হারাম’-এর, অন্য কারোরই নয়। প্রত্যেকটি ঘটনার পরপরই তারা নিজেদের সংশ্লিষ্টতার জানান দেয় গর্ব করে। আল-কায়েদা অনুমোদিত বোকো হারাম-এর দৌরাত্ম্য ক্রমশই বেড়ে চলেছে। নামের সঙ্গে তাদের কাজের বেশ মিল। হাউসা ভাষায় ‘বোকো’ শব্দের মানে বই বা পশ্চিমা শিক্ষা। আর হারাম শব্দটি হচ্ছে আরবি, যার অর্থ নিষিদ্ধ। অতএব নাম অনুযায়ীই তো কাজ চালিয়ে যাচ্ছে তারা। সরকারি কর্মকর্তারা গুপ্তহত্যার ভয়ে কোনোরকম উচ্চবাচ্য করতে নারাজ, এমনকি ভয়ের চোটে বোকো হারাম নামটি পর্যন্ত উচ্চারণ করেন না তারা। সেনা সদস্যদের অনেকেই তাদের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়াতে অপারগতা প্রকাশ করেন। নাইজেরিয়ার সিভিল লিবার্টিজ অরগানাইজেশনের সদস্য এবং মাইদুগুরির মানবাধিকার কর্মী মাইকারামবা সাদিক প্রাণের মায়া তুচ্ছ করেই বলতে থাকেন. ‘পরোক্ষভাবে এখানকার সবকিছুই নিয়ন্ত্রণ করছে বোকো হারাম। অধিবাসীরা সারাক্ষণই আতঙ্কে থাকে, কারণ বোকো হারাম কিংবা তাদের গুপ্তচররা ছড়িয়ে রয়েছে সর্বত্র। তাদের বিরুদ্ধে কথা বললেই নিভে যায় জীবনপ্রদীপ’। ছাত্রদেরকে টার্গেট করা না হলেও অভিভাবক এবং শিক্ষকরা মরছে প্রতিনিয়ত। তেলসমৃদ্ধ নাইজেরিয়ার লাগোস বিমানবন্দরে নেমে ট্যাক্সি করতে গেলেই একটি বিলবোর্ড চোখে পড়বে আপনার। এত লেখা রয়েছে পৃথিবীর সবচেয়ে সুখের দেশটিতে আপনাকে স্বাগতম। এ কথাটি কি সত্যি, নাকি উপহাস, তা বলার অপেক্ষা রাখে না। আফ্রিকার এ দেশটিতে মুসলমান ও খ্রিস্টান জনসংখ্যার অনুপাত প্রায় কাছাকাছি। সেজন্যে সাম্প্রদায়িক সংঘাতও তীব্র। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। এমনকি ধর্মীয় উপাসনালয়গুলোতে পর্যন্ত হামলা হয়। তার ওপর রয়েছে কট্টর মুসলমান বানানোর চেষ্টা। এ কাজে বোকো হারামের নামটিই আসে সবার আগে। নাইজেরিয়ার সরকার ও সেনাবাহিনীকে খুব একটা পাত্তা দেয় না তারা। দেশকে সম্পূর্ণ ইসলামি রাষ্ট্র বানানোই তাদের চূড়ান্ত লক্ষ্য। তার জন্য যা যা করার প্রয়োজন তাই করছে। বোকো হারামের একজন মুখপাত্র সম্প্রতি মাইদুগুরির স্কুলগুলোতে আগুন ধরিয়ে দেয়ার দায়-দায়িত্ব স্বীকার করেছেন সংবাদ সম্মেলন করে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কারণও ব্যাখ্যা করেছেন তিনি।