বিষাক্ত শিশুখাদ্যে সারাদেশ সয়লাব!
প্রকাশ : ০৫ মে ২০১৩, ২২:২৪
সংশ্লিষ্ট বিভাগের নীরবতার সুযোগে অননুমোদিত নীরব ঘাতক বিষাক্ত বিভিন্ন প্রকার শিশুখাদ্যে সারাদেশ সয়লাব হয়ে গেছে। ফরমালিন, কাপড়ের রং, মোম, স্যাকারিন, সোডা, আটা-ময়দা, সুগন্ধী পাউডার, ট্যালকম পাউডার, রাব, পচা তেঁতুল, পচা আম, পচা আমড়া ও ঘনচিনি দিয়ে তৈরি করা বিভিন্ন জুস, পাইপ আইসক্রিম, চকলেট, চুইংগাম, আচার, সন্দেশ ও বরফিসহ অর্ধশতাধিক মুখরোচক শিশুখাদ্য পুরান ঢাকার বেগম বাজার ও চাম্পাতলীতে প্রকাশ্যে পাইকারি বিক্রি হয়ে আসছে বছরের পর বছর। এখান থেকে প্রতিদিন দেশের ৬৪ জেলার ৬৮০ থানার প্রত্যন্ত অঞ্চলে নির্বিঘ্নে পৌঁছে যাচ্ছে এসব পণ্য। যা হাট-বাজার, পাড়া-মহল্লা ও অলিগলির মুদি দোকানে বিক্রি হচ্ছে প্রতিনিয়ত। শিক্ষাপ্রতিষ্ঠানের অবুঝ শিক্ষার্থী ও শিশু-কিশোররা সহজলভ্য এসব খাবার খেয়ে জটিল রোগসহ নানা প্রকার রোগে আক্রান্ত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বেগমবাজার ও চাম্পাতলীতে প্রতিদিন কয়েক কোটি টাকার এসব পণ্য বিক্রি হচ্ছে। অধিক মুনাফার এ ব্যবসাকে কেন্দ্র করে শতাধিক কারখানা গড়ে উঠেছে বেগমবাজার, ছোট কাটারা, বড় কাটারা, কামালবাগ, ইসলামবাগ, শহিদনগর, হাজারিবাগ, কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জ ও ঢাকার বাইরের বিভিন্ন জেলায়। এ ব্যবসায় জড়িত রয়েছে শতাধিক অসাধু ব্যবসায়ী। স্থানীয় থানা পুলিশকে নিয়মিত মাসোয়ারা দিয়ে এ ব্যবসা চালানো হচ্ছে বলে জানা গেছে। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের সচেতনতা ও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত আবেদন জানাচ্ছি।
গোলাম মাওলা, লালবাগ, ঢাকা