কামরাঙ্গীরচরে বিদ্যুত্ বিভ্রাট
প্রকাশ : ০৫ মে ২০১৩, ২২:২৫
লোডশেডিংয়ে গোটা কামরাঙ্গীরচরের জনজীবন অতিষ্ঠ। উত্পাদন ব্যাহত হওয়ায় প্রতিদিন লাখ লাখ টাকার লোকসান গুনতে হচ্ছে কলকারখানার মালিকদের। এ ছাড়া পড়ালেখার অপূরণীয় ক্ষতি হচ্ছে শিক্ষার্থীর। এ অবস্থা গত কয়েক মাস ধরে চলছে। প্রতিদিন ৮-১০ বার লোডশেডিং হয়। প্রতিবার এক ঘণ্টা থেকে দেড় ঘণ্টা পর্যন্ত বিদ্যুত্ থাকে না। বিশেষত সন্ধ্যার পর কয়েকবার বিদ্যুত্ চলে যায় অর্থাত্ প্রতিদিন ২৪ ঘণ্টার মধ্যে গড়ে ১২ ঘণ্টাই বিদ্যুত্ থাকে না। গত জোট সরকারের আমলে কামরাঙ্গীরচরে ৩৩ কেভি বিদ্যুত্ উপকেন্দ্র নির্মাণ করা হয়, যা ২০০৯ সালের প্রথম দিকে চালু করা হলেও বিদ্যুতের সমস্যা দূর হয়নি। যদিও বিদ্যুত্ বিল পরিশোধে ঢাকা সিটির চেয়ে কামরাঙ্গীরচর শীর্ষে। ১০ লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত কামরাঙ্গীরচরে ৩০ সহস্রাধিক গ্রাহক, ১৫ সহস্রাধিক দোকানপাট, ৭ শতাধিক ক্ষুদ্র ও ৩০টি বৃহত্ শিল্পকারখানা রয়েছে। এখানে সাতটি ফিডারে ভাগ করে বিদ্যুত্ সরবরাহ করা হয়। কামরাঙ্গীরচর, রসুলপুর, আলীনগর, মুসলিমবাগ, বেড়িবাঁধ, নবাবগঞ্জ ও কোম্পানিঘাট ফিডারের মধ্যে লোডশেডিংয়ের সময় চারটি বন্ধ রেখে তিনটিতে বিদ্যুত্ সরবরাহ করা হয়। এখানে ডে পিকআওয়ারে (সকাল-সন্ধ্যা) ১৮-২০ ও ইভিনিং পিকআওয়ারে (সন্ধ্যা-ভোর) ১৫-২০ মেগাওয়াট বিদ্যুত্ সরবরাহ করা হয়। পুরান ঢাকার আবদুল গনি রোডের ডেসপাস সেন্টারের নির্দেশ অনুযায়ী এভাবে বিদ্যুত্ সরবরাহ করা হচ্ছে। এখানে দৈনিক বিদ্যুতের চাহিদা ৪০ মেগাওয়াট। ডিপিডিসি সূত্র জানায়, চাহিদার অর্ধেকের বেশি বর্তমানে বিদ্যুত্ সরবরাহ করা হচ্ছে। লোডশেডিং কমাতে প্রতি সোমবার সকাল ৯টা থেকে রাত ৯টা এবং প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সর্বপ্রকার কলকারখানা ও রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার ডিপিডিসি’র ও সরকারি আদেশ কেউ পালন না করায় লোডশেডিং কমছে না। এ অবস্থায় লোডশেডিং কমাতে কলকারখানা এবং দোকানপাট যথাসময়ে বন্ধ রাখার নির্দেশ কার্যকর ও মনিটরিং করা জরুরি। এ ছাড়া বিদ্যুত্ অপচয় রোধে গ্রাহকদের সচেতন করার উদ্যেগ নেওয়া প্রয়োজন। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ইলিয়াছ আহমদ বাবুল,
কামরাঙ্গীরচর, ঢাকা