বেনাপোল বন্দরে লাগাতার ধর্মঘট শুরু

গতকাল রবিবার সকাল থেকে লাগাতার ধর্মঘট শুরু হয়েছে বেনাপোল বন্দরে। বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন, যশোর চেম্বার অব কমার্স, বেনাপোল ট্রাক মালিক সমিতি, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি, বেনাপোল ল্যান্ডপোর্ট ইমপোর্টার্স এন্ড এক্সপোর্টাস এসোসিয়েশন ও সিএন্ডএফ এজেন্টস কর্মচারী ইউনিয়ন এই ধর্মঘটের ডাক দেয়। মালামাল চুরি ও শ্রমিকদের বকশিশের নামে চাঁদাবাজির প্রতিবাদে এই ধর্মঘট ডাক দেয়া হয়। সূত্র জানায়, শ্রমিকরা পণ্য ওঠানো-নামানোর সময় ট্রাক থেকে ২/৩ হাজার টাকা করে জোর করে আদায় করে। শ্রমিকদের চাঁদাবাজির কারণে বেনাপোল বন্দর ছড়ে বড় বড় আমদানিকারকরা অন্য বন্দরে চলে যেতে শুরু করেছে। বেনাপোল বন্দরের পরিচালক তোফাজ্জল হোসেন জানান, বন্দরে শ্রমিকদের বকশিসের নামে চাঁদাবাজি বন্ধের বিষয়ে এসোসিয়েশনের পক্ষ থেকে আল্টিমেটামের চিঠি পেয়েছি। আগামী ১৮ মে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বেনাপোল বন্দর পরিদর্শনে আসার পর আন্দোলনরত শ্রমিকদের সাথে বিষয়টি মিমাংসার কথা রয়েছে বলে তিনি জানান।