হেফাজতের পাশে দাঁড়ান

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দলের সর্বস্তরের নেতা-কর্মী এবং ঢাকাবাসীকে হেফাজতে ইসলামের কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। গতকাল সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপি অফিসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু একথা জানিয়ে বলেন, হেফাজতের কর্মীরা মুসাফির, আমাদের সম্মানিত অতিথি। আসুন খাবার-দাবারসহ সার্বিক সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়াই। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, হেফাজত কর্মীদের ওপর পুলিশের নির্বিচারে গুলি বন্ধ করুন। পুলিশের গুলিতে বেশ ক’জনের মৃত্যু হয়েছে। অনতিবিলম্বে গুলি বন্ধ করুন, হত্যাকাণ্ড বন্ধ করুন। যুবলীগ-ছাত্রলীগের পেটোয়া বাহিনীর যারা গুলি চালিয়েছে তাদের গ্রেফতার করুন। অন্যথায় পরিণতি ভয়াবহ হবে। দুদু বলেন, কোন জুলুমবাজ সরকার, কোন স্বৈরাচার সরকার বেশিদিন ক্ষমতায় থাকতে পারেনি, আওয়ামী লীগও পারবে না। তিনি বলেন, আমাদের নেত্রী বলেছেন-সব সমস্যার সমাধান কেয়ারটেকারে। দেশে শান্তি-স্থিতিশীলতা চাইলে কেয়ারটেকার ব্যবস্থা মেনে নিন। আসুন আলোচনা করি। আশা করি একটা জায়গায় পৌঁছুতে পারবো। তিনি বলেন, আওয়ামী সরকারের এই হামলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা মনে করিয়ে দেয়। যুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর কথা স্মরণ করিয়ে দেয়।