রাজধানীর প্রবেশ পথগুলো ছিল অবরুদ্ধ
প্রকাশ : ০৫ মে ২০১৩, ২৩:১৫
১৩ দফা দাবিতে গতকাল রবিবার দিনভর ঢাকার চারপাশের প্রবেশ পথগুলোতে অবস্থান নিয়ে সড়ক অবরুদ্ধ করে রাখে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টাকালে কয়েকটি স্থানে পুলিশ ও হেফাজতের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল থেকেই এসব সড়কে যান চলাচল বন্ধ ছিল। ঢাকার বাইরের কোন গাড়িও রাজধানীতে প্রবেশ করেনি।
গতকাল ফজরের নামাজের পরপরই হেফাজতে ইসলামের নেতাকর্মীরা ১৩ দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশেষ করে কাঁচপুর, সাইনবোর্ড, ঢাকা-সিলেট মহাসড়কের সুলতানা কামাল সেতু অর্থাত্ ডেমরা ব্রিজ, কাজলা ও যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় অবস্থান নেয়। তারা দাবির সমর্থনে শ্লোগানের পাশাপাশি মহাসড়কের ওপর অবস্থান গ্রহণ করে। অবরোধকারীদের ঢাকার অভ্যন্তরে প্রবেশ ঠেকাতে বিভিন্ন স্থানে পুলিশ ব্যারিকেড বসায়। তবে সকালের বৃষ্টি শেষে বেশকিছু নেতাকর্মী পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে মতিঝিল এলাকায় প্রবেশের চেষ্টা করলে পুলিশ টিকাটুলী মোড়ে বাধা দেয়। দৃশ্যত সকাল ১০টার পর হেফাজতের নির্ধারিত স্পটের বাইরে অবরোধ স্বামীবাগ এলাকা পর্যন্ত চলে আসে।
মতিঝিল শাপলা চত্বরে সমাবেশের অনুমতির খবরে বিপুল সংখ্যায় পুলিশ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিলেও হেফাজত কর্মীদের বাধা দেয়নি। কাঁচপুর ও ডেমরার দিক থেকে অবরোধকারীদের অনেকে হাতে কাঠ ও বাঁশের লাঠি, জাতীয় পতাকা নিয়ে সায়েদাবাদ জনপথ মোড় পর্যন্ত খণ্ড খণ্ড মিছিল করে। কারো হাতে ছিল কলেমা লেখা পতাকা। আবার মাথায় বিভিন্ন রংয়ের স্টিকার বাঁধা ছিলো।
অবরোধ শুরু হওয়ার পর স্বল্পসংখ্যক যানবাহন মহাসড়কে ওঠার চেষ্টা করলে হেফাজত কর্মীরা সেগুলো ঘুরিয়ে দেয়। তবে অবরোধ চলাকালে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ এলাকায় র্যাবের একটি গাড়ি ভাঙচুর করে হেফাজতের কর্মীরা। সরেজমিনে ঘুরে দেখা গেছে, ভোরে কাঁচপুর সাইনবোর্ড এলাকায় সকাল সোয়া ছয়টার মধ্যে কয়েক হাজার হেফাজত কর্মী জড়ো হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। তারা যাত্রাবাড়ী-ডেমরা, যাত্রাবাড়ী-জুরাইন, যাত্রাবাড়ী-চিটাগাং রোডের রাস্তা সকাল থেকেই অবরোধ করে রাখে।
ফজরের নামাজের পর পরই আশপাশের এলাকা ও মাদ্রাসাগুলো থেকে মিছিল করে নেতাকর্মীরা যাত্রাবাড়ী চৌরাস্তায় এসে অবস্থান নেয়। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ পার্শ্ববর্তী জেলাগুলোর সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কাঁচপুর এলাকার স্থানীয়রা জানায়, নারায়ণগঞ্জ ছাড়া বিভিন্ন জেলা থেকে এসে গত শনিবার রাতেই কাঁচপুর-সাইনবোর্ড এলাকায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও মহাসড়কের পাশে অবস্থান নেয় হেফাজতের নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে অবরোধকারীদের সংখ্যাও বাড়তে থাকে। বৃষ্টি উপেক্ষা করেও অবরোধ করে রাস্তায় দাঁড়িয়ে থাকে হেফাজতের কর্মীরা। বৃষ্টিতে হেফাজত কর্মীরা রাস্তা ছেড়ে যাননি।
সকাল ১০টার দিকে পুলিশের ব্যারিকেডের প্রতিবাদে সাইনবোর্ড চত্বরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হেফাজতের কর্মীদের মধ্যে হঠাত্ উত্তেজনা দেখা দেয়। তারা দল বেঁধে লাঠিসোঁঠা নিয়ে পুলিশের দিকে তেড়ে যায়। এ সময় হেফাজতের নেতারা মাইক থেকে কর্মীদের ইউ টার্ন করার আহ্বান জানান। স্বেচ্ছাসেবকরা দ্রুত কর্মীদের ফিরিয়ে নিলে উত্তেজনাকর অবস্থার অবসান ঘটে।
মতিঝিলে সমাবেশের অনুমতি পাওয়ার পর যাত্রাবাড়ী থেকে মতিঝিলের শাপলা চত্বরের দিকে অবরোধকারীরা মিছিল নিয়ে অগ্রসর হতে শুরু করে। দুপুর সাড়ে ১২টার পর থেকে খণ্ড খণ্ড মিছিল মতিঝিল শাপলা চত্বরে এসে জড়ো হতে শুরু করে। নারায়ণগঞ্জ সদর উপজেলার সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত সড়ক অবরোধ করে হেফাজতের হাজার হাজার নেতাকর্মী রাস্তায় জোহরের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে তারা হেঁটে মতিঝিলের দিকে রওনা দেয়। নারায়ণগঞ্জ মহানগর হেফাজতের আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমান জানান, সকাল থেকে অবরোধ সফল হয়েছে।
হেফাজতের মিছিলে স্কুল শিক্ষার্থী:অবরোধ কর্মসূচি চলাকালে হেফাজতের মিছিলে স্কুল শিক্ষার্থীদের দেখা গেছে। সকাল সাড়ে দশটায় যাত্রাবাড়ী এলাকা থেকে হেফাজতের একটি মিছিল সায়েদাবাদের দিকে যায়। এ সময় যাত্রাবাড়ীর কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা মিছিল নিয়ে অবরোধকারীদের সাথে মিলিত হয়। তারা হেফাজতের বিভিন্ন শ্লোগানের সঙ্গে কণ্ঠ মেলায়।
র্যাবের গাড়ি ভাঙচুর:অবরোধ চলাকালে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ এলাকায় র্যাবের একটি গাড়িতে ভাঙচুর চালিয়েছে হেফাজতের কর্মীরা। তবে এ ঘটনায় গাড়ি ছাড়া আর কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আটক করা হয়নি কাউকে। হেফাজতের নেতা মুফতি আরাফাত অভিযোগ করেন, সকাল ৭টার দিকে হেফাজত কর্মীরা র্যাবের একটি গাড়ি আটকালে গাড়িতে থাকা র্যাবের এক কর্মকর্তা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এতে বিক্ষুব্ধ কর্মীরা গাড়ির গ্লাস ভাঙচুর করে। গাড়িটির সামান্য ক্ষতি হয়েছে বলে তিনি স্বীকার করেন।
হেফাজতে ইসলামের কর্মীরা গাবতলী থেকে আমিনবাজার পর্যন্ত সড়কে সকাল থেকেই অবস্থান নেয়। সকাল ৮টা থেকেই গাবতলী থেকে আমিনবাজার পর্যন্ত তিনটি সমাবেশ করে। হেফাজত কর্মীরা প্রধান সড়কে অবস্থান নেয়ায় সকাল থেকেই এই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। সাভারে উদ্ধার কাজে অংশ নেয়া বিভিন্ন যানবাহন এ সময় চলাচল করতে দেখা গেছে। হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির সমর্থনে বেলা ১১টায় জাতীয় পার্টির (এ) একটি মিছিল প্রদক্ষিণ করতে দেখা গেছে।
গতকাল ভোর থেকেই রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, মিরপুর, সাভার, মানিকগঞ্জ ও এর আশপাশের এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে গাবতলী থেকে আমিনবাজার পর্যন্ত অবস্থান নেয় হেফাজতে ইসলামের কর্মীরা।
সাড়ে ১১টায় আমিনবাজার অস্থায়ী মঞ্চে সাবেক মন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ওয়াক্কাস বক্তব্য রাখেন।
ঢাকা অবরোধ কর্মসূচি সফল করতে গতকাল ভোর থেকেই টঙ্গীর চেরাগআলী হয়ে স্টেশন রোড থেকে উত্তরার হাউজ বিল্ডিং-আজমপুর পর্যন্ত মহাসড়কে অবস্থান নেয় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এতে রাজধানী ঢাকার অন্যতম প্রবেশ পথ কার্যত বন্ধ হয়ে যায়। কোন ধরনের যানবাহনই চলাচল করতে পারেনি এই মহাসড়ক দিয়ে। গতকাল অবরোধ কর্মসূচি সফল করতে ভোর থেকেই সারাদেশের হেফাজতের নেতাকর্মীরা ঢাকা অভিমুখে ছুটতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেয়।
টঙ্গী সংবাদদাতা জানান, ফজরের নামাজ আদায় করে হেফাজতের কর্মীরা ঢাকা অভিমুখে ছুটতে থাকেন। তারা আব্দুল্লাহপুর মোড়, টঙ্গী ব্রিজে অবস্থান নেয়। সকালে হঠাত্ করে বৃষ্টি কোন বাধা হয়ে দাঁড়াতে পারেনি তাদের কাছে। ধীরে ধীরে বাড়তে থাকে অবরোধকারীর সংখ্যা।
এরপর বেলা ১২টার দিকে অবরোধকারীরা মতিঝিল শাপলা চত্বরে সমাবেশে মিছিল নিয়ে চলে আসে। গতকাল অপ্রীতিকর ঘটনা এড়াতে উত্তরা-টঙ্গী অবরোধস্থলে বিপুল সংখ্যক র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়।
ঢাকার অন্য প্রবেশপথগুলোর মতো বাবুবাজার এলাকা থেকেও বেলা ১২টার দিক থেকে অবরোধে অবস্থান নেয়া হেফাজতকর্মীরা মতিঝিলের দিকে রওনা দেয়। তবে সেখানকার অবস্থান একেবারে ছাড়েনি তারা। সকালে ফজরের নামাজ শেষ করেই বাবুবাজার ব্রিজের দক্ষিণ পাশে অবস্থান নেয় তারা। পরে ব্রিজের ওপর আসে। এক পর্যায়ে ব্রিজের উত্তর পাশেও বিচ্ছিন্নভাবে অবস্থান নেয় তারা। ব্রিজের দক্ষিণ পাশে ছোট মঞ্চ বানিয়ে নেতারা বক্তৃতা দিতে থাকে। এই পথে ঢাকায় সকাল থেকেই কোন যানবাহন ঢুকতে দেয়া হয়নি। ঢাকা থেকেও কোন যানবাহন সেপথে ছেড়ে যায়নি। অনেকটা হরতালের মত ছিল পরিবেশ।