বিবিসির বিবরণ

বাংলাদেশে কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের ডাকে অবরোধ কর্মসূচির মধ্যে গতকাল ঢাকার পল্টন এবং বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় হেফাজতে ইসলামের কর্মীদের সাথে বেলা সাড়ে এগারোটার দিকে পুলিশের সংঘর্ষ বাঁধে। এ সময় পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ও শটগানের গুলি ছোঁড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় অনেকগুলো ককটেল বিস্ফোরিত হয়। সংঘর্ষে বেশ কিছু লোক আহত হয়েছেন। এর মধ্যে অন্তত ২০ জনকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। আহতদের একজন মারা গেছেন বলে হাসপাতাল ও পুলিশ সূত্র নিশ্চিত করেছে। নিহত ব্যক্তির নাম সিদ্দিকুর রহমান এবং তিনি একটি পরিবহন সংস্থার কর্মচারী বলে জানা গেছে। হাসপাতালের ডাক্তাররা বলেছেন, মৃত ব্যক্তির দেহে শটগানের গুলি লেগেছে। হেফাজত কর্মীদের পুলিশের বাধা রবিবার ভোর থেকেই ঢাকা শহরে ঢোকার বিভিন্ন পথের ওপর হেফাজতের কর্মী ও সমর্থকরা জড়ো হয়ে অবস্থান নেন। পরে হেফাজতের কর্মী-সমর্থকরা শহরের ভেতরে ঢোকার পর বিভিন্ন স্থানে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। এছাড়া বেলা ১২টার দিকে দৈনিক বাংলা মোড় এলাকাতেও পুলিশের সাথে হেফাজতের কর্মীদের সংঘর্ষ হয়। সেখানে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করলে দুইজন আহত হয়েছে বলে জানিয়েছেন আমাদের সংবাদদাতা। বাংলাদেশে কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের ডাকে ভোর থেকে শুরু হয় ঢাকা অবরোধ কর্মসূচি। কাঁচপুরে হেফাজতের কর্মীদের মিছিল ঢাকার বিভিন্ন প্রবেশদ্বারে হেফাজতে ইসলামের কর্মী ও সমর্থকরা জড়ো হয়ে অবস্থান নেন। হেফাজতে ইসলামের নেতাদের অবরোধে ঢাকার সঙ্গে দেশের বেশিরভাগ অংশের সড়ক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায়। বিকালে ঢাকার মতিঝিলে হেফাজতে ইসলামকে সমাবেশের অনুমতি দেয় পুলিশ। বিকাল ৩টা থেকে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ শুরুর অনুমতি দেয়া হয়েছে। ভোর থেকে রাজধানীর ছয়টি মূল প্রবেশপথ, গাবতলী, যাত্রাবাড়ী, পোস্তগোলা, উত্তরাসহ বেশ কয়েকটি স্থানে হাজার হাজার হেফাজত কর্মীরা মিছিল করে শ্লোগান দিচ্ছে তাদের ১৩ দফা দাবি বাস্তবায়নের জন্য। গাবতলীর আমিনবাজার ব্রীজ থেকে ছোট ছোট মিছিল নিয়ে মিরপুরের টেকনিক্যাল মোড় পর্যন্ত অবস্থান নেয় হেফাজতের হাজার হাজার কর্মী। মতিঝিলে পুলিশের সাথে হেফাজতের কর্মীদের সংঘর্ষ ঢাকার বাইরে থেকে আসা দূরপাল্লার পরিবহনগুলো আমিনবাজার ব্রীজের আগেই থামিয়ে দেয়া হয় এবং নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য যাত্রীরা পায়ে হেঁটে রওনা দেন। পুলিশ ও র?্যাবসহ প্রচুর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে সবগুলো জমায়েতস্থলেই। মাদ্রাসাভিত্তিক এই সংগঠন গত ৬ এপ্রিল ঢাকায় লক্ষাধিক মানুষের এক সমাবেশ থেকে ১৩ দফা দাবিতে এক মাসের সময় দেয় সরকারকে। তাদের ঘোষণা ছিল এই সময়ের মধ্যে দাবি না মানা হলে আজ ৫ মে, ঢাকা অবরোধ করে রাজধানীকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেয়া হবে। হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির মধ্যে রয়েছে, তাদের ভাষায় নাস্তিক ব্লগারদের শাস্তি, ব্লাসফেমি আইন প্রণয়ন, নারী-পুরুষের অবাধ বিচরণ বন্ধ করা, ‘ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন’ বন্ধ করা এবং নারী নীতি ও শিক্ষা নীতি বাতিল করা ইত্যাদি। তবে এরই মধ্যে সাভারে ভবন ধসের উদ্ধারকাজে এই অবরোধ বাধার সৃষ্টি করবে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলন থেকে তাদের অবরোধ প্রত্যাহারের যে আহবান জানিয়েছিলেন, হেফাজতে ইসলাম তার সেই আহবান নাকচ করে দিয়ে কর্মসূচি পালনে অটল থাকার ঘোষণা দেয়।