মেঘনায় ঝড়ের কবলে সি-ট্রাক আট যাত্রী নিহত, নিখোঁজ ৫০
প্রকাশ : ০৫ মে ২০১৩, ২৩:১৬
নোয়াখালীর হাতিয়ায় ঝড়ের কবলে পড়ে নদীতে আংিশক ডুবে গেছে একটি যাত্রীবাহী সি-ট্রাক। গতকাল রবিবার সকাল ১১টার দিকে চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়া যাওয়ার সময় সি-ট্রাক এসটি শহীদ সালাম ৫ শতাধিক যাত্রী নিয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে। এসময় সি-ট্রাক থেকে নদীতে পড়ে যান শতাধিক যাত্রী। পরে আট জনের লাশ উদ্ধার করা গেলেও ৫০ যাত্রীর খোঁজ মিলেনি। উদ্ধার করা যাত্রীদের মধ্যে ২৫ জনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদেরকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়। রাত আটটার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত নৌ-পুলিশ ও কোস্টগার্ড নিখোঁজ যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছে বলে জানা গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। এসময় বজ পাতে কমপক্ষে পাঁচ জনের মৃত্যুর খবর দিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
হাতিয়া (নোয়াখালী) : ঘূর্ণিঝড়ের সময় উত্তাল ঢেউ-এর মধ্যেই সি-ট্রাকটি হাতিয়ার নলচিরা ঘাটে ভিড়ানোর সময় আংশিক নিমজ্জিত হয়। এতে শতাধিক যাত্রী নদীতে পড়ে ঢেউয়ের তোড়ে ভেসে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহিদুর রহমান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার কাজ তদারকি করেন এবং আহত ও নিহতদের নিজ গাড়িতে করে উপজেলা সদরে পাঠান। নিহতদের মধ্যে রোকেয়া বেগম (৩০) ও ইব্রাহীম (২) ছাড়া অন্যদের পরিচয় জানা যায়নি। লাশগুলো হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শী একজন সংবাদকর্মী জানান, সি-ট্রাকটি মাঝ নদীতে আসার পর ঘূর্ণিঝড় শুরু হয়। এসময় বাতাস এবং জোয়ারের তোড়ে সেটি পশ্চিম দিকে চলে যায়। পরে ঝড় ও প্রচণ্ড ঢেউ উপেক্ষা করে সি-ট্রাকটি নলচিরা ঘাটে ভিড়ানোর চেষ্টা করলে এটি আংশিক নিমজ্জিত হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খোরশেদ আলম জানান, পুলিশ নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কাজ করছে। বিকাল পর্যন্ত ১০/১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া : গতকাল ভোরে ঝড়ের আঘাতে আশুগঞ্জ ধানের মোকাম ঘাট থেকে ১৭টি নৌকা নোঙ্গর ছিঁড়ে নদীতে তলিয়ে যায়। ঝড় থেমে যাওয়ার পর নৌকাগুলোর অবস্থান নিশ্চিত করে ডুবুরিরা ধান উদ্ধার শুরু করেন। তবে ১২টি নৌকার সন্ধান পাওয়া গেলেও ৫টি এখনো নিখোঁজ রয়েছে।
রাজাপুর (ঝালকাঠি) : ঝালকাঠির রাজাপুর উপজেলায় রবিবার সকালে কালবৈশাখীর ঝড়ে ৬ ইউনিয়নের অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া শনিবার রাত থেকে প্রবল বৃষ্টিপাতে উপজেলার শতশত হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে।
খুলনা : রবিবার সকালে ফুলতলা উপজেলার গাড়াখোলা গ্রামে বজ পাতে রূপালী বেগম (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের ফারুক হোসেনের স্ত্রী।
ডুমুরিয়া (খুলনা) : গতকাল দুপুরে ভারী বর্ষণের সময় বজ পাতে ডুমুরিয়ায় একজন দিনমজুর নিহত ও মহিলাসহ ৪ জন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম রেজোয়ান শেখ (২৩)। বাড়ি উপজেলার পাঁচপোতা গ্রামে। আহতরা হলেন- কুলবাড়িয়া গ্রামে জিয়াউর রহমান শেখ, তার স্ত্রী রেশমা বেগম, জসিম উদ্দিন মোড়ল ও শোভনা গ্রামের সুভাস সরদার।
অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলায় বজ পাতে আকরাম হোসেন মোল্যা (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ১১টায় উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের রামনগর গ্রামে।
মঠবাড়িয়া : উপজেলার গোলবুনিয়া গ্রামের মৃত ওপেন্দ্রনাথ সিকদারের পুত্র মনোজ সিকদার (৩২) গতকাল বজ পাতে নিহত হয়েছেন। এ সময় তিনি মাঠ থেকে গরু আনতে গিয়েছিলেন।
গোপালগঞ্জ : জেলায় বজ পাতে অশোক বিশ্বাস (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এছাড়া মহিলাসহ অন্তত ৮ জন আহত হয়েছে। রবিবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার রাউথ খামার বিলে এ ঘটনা ঘটে।
বদরগঞ্জ (রংপুর) : রংপুরের বদরগঞ্জে শিলা-ঝড়ে কৃষকদের ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার রাতে কয়েক মিনিটের শিলা-ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় কৃষকদের আবাদি জমির ফসল, গাছ-পালা ও ঘরবাড়ি। এছাড়াও পল্লী বিদ্যুতের ১০টি খুঁটি ভেঙ্গে যাওয়ায় গতকাল বিকাল ৫টা পর্যন্ত উপজেলায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ ছিল।
পীরগাছা : শনিবার রাতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে পীরগাছার ৪টি ইউনিয়নের ২০ গ্রামের উঠতি বোরো ধান, পাট, ভুট্টা ও শাক-সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। দাদন গ্রামের কৃষক আব্দুল হান্নান জানান, তার ৫ বিঘা জমির পাকা বোরো ধান শিলা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। একই গ্রামের কৃষক আব্দুল কাদের জানান, প্রায় ৩০ মিনিট ধরে এ শিলা বৃষ্টিতে ধান, পাট, ভুট্টা ও শাক-সবজির খেত মাটির সঙ্গে মিশে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সরোয়ার জাহান ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা করার জন্য কৃষি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।