আজ ঢাকায় শুরু হচ্ছে ১৯তম আইএএস সম্মেলন

আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে ইসলামিক ওয়ার্ল্ড একাডেমী অব সায়েন্সেস (আইএএস)-এর ১৯তম আন্তর্জাতিক সমেমলন। এবারের প্রতিবাদ্য বিষয় হলো “বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে মুসলিম বিশ্বের আর্থ-সামাজিক উন্নয়ন অর্জন”। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান আজ সকাল দশটায় হোটেল সোনারগাঁও-এ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। প্রধানমন্ত্রী সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক এবং পররাষ্ট্র মন্ত্রী সম্মেলন উপলক্ষে গঠিত জাতীয় কমিটির সভাপতি। বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী সহ-সভাপতি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান সাংগঠনিক কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। বিশ্বের ২৩টি দেশের ৭৩ জন খ্যাতনামা বিশেষজ্ঞ ঢাকায় অনুষ্ঠিতব্য এই সম্মেলনে যোগ দেবেন। উল্লেখ্য, ওআইসি-এর মহাসচিব প্রফেসর একমেলেদ্দীন ইহসানোগলু এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে থাকবেন। তাছাড়া, আইএএস -এর সভাপতি এবং জর্ডানের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রফেসর আব্দেল সালাম মাজালি এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ওআইসি-এর মহাসচিব প্রফেসর একমেলেদ্দীন ইহসানোগলুকে বাংলাদেশ ও ওআইসির মধ্যে সম্পর্ক উন্নয়নে বিশেষ অবদানের জন্য “বাংলাদেশ মৈত্রী পদক” দেয়া হবে। আজ সন্ধ্যা সাড়ে সাতটায় রূপসী বাংলা হোটেলে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে এ পদক প্রদান করবেন।